বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু নিশ্চিত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি স্বাস্থ্য অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৯৪
মঙ্গলবার (২ জুন) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে হামের লক্ষণ নিয়ে ছয় শিশু মারা গেছে। ২০২৬ সালের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের মতো লক্ষণে মোট ৫৯৪ জনের মৃত্যু হয়েছে।
নিশ্চিত ও সন্দেহভাজন মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯০ শিশুর মৃত্যু নিশ্চিত হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০৪ জনে।
আক্রান্ত ও হাসপাতালে ভর্তি
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯ হাজার ১৩৬ শিশু শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা ৭৩ হাজার ৩৬২ জন। এ সময়ে হামের সন্দেহে ৫৯ হাজার ১০৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৫৪ হাজার ৮১২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।



