খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এটি চলতি মৌসুমের প্রথম মৃত্যু। গত ২৮ মে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আট জন। মঙ্গলবার (০২ জুন) বিকালে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন খুমেক হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপপরিচালক ডা. মো. আক্তারুজ্জামান।
তিনি জানান, ‘চলতি বছরের ২ জুন পর্যন্ত এই হাসপাতালে ৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। এর মধ্যে ৪৫ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে নিজ নিজ বাড়ি ফিরে গেছেন। গত ২৮ মে বাগেরহাটের কচুয়া থেকে দিগন্ত (১৫) নামে এক কিশোর ডেঙ্গু নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিল। ভর্তির দিনই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। দিগন্ত কচুয়ার দেবাশীষের ছেলে। বর্তমানে এই হাসপাতালে আট জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।’
তিনি বলেন, ‘হাসপাতালে গত মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে ৬৬৩ জন ভর্তি হয়। এর মধ্যে ৫৩ জনের হাম শনাক্ত হয়। ভর্তি হওয়া ৬০৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখানে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ছয় জন মারা গেছে। সবশেষ গত ১৯ মে মারা গেছে নড়াইলের নড়াগাতি থানার তামজিদের আট মাসের শিশু তাহেরা। আজ বিকাল পর্যন্ত হাসপাতালের হাম ইউনিটে ভর্তি রয়েছে ৪৯ জন শিশু।’
হাসপাতালের পরিচালক ডা. মো. কাজী আইনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৫০০ বেডের এ হাসপাতালে রোগীর চাপ প্রচুর। আজ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৩৪০ জন। এর মধ্যে আট জন ডেঙ্গু রোগী। হাম ইউনিটের ৪৯ জন ভর্তি রোগীকে বিশেষ যত্নে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’



