চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুই জনই অষ্টম শ্রেণির শিক্ষার্থী। রবিবার (৩১ মে) দুপুরে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বহালাবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলো- উপজেলার সাবেক লাভাঙ্গা ফুদকিটোলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে সাফি (১৪) ও কামাল উদ্দিনের ছেলে জুবায়ের (১৪)।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা গেছে, এক চাচার সঙ্গে চার চাচাতো ভাই পাগলা নদীতে গোসল করতে যায়। এ সময় সাফি ও জুবায়ের সবার আগে নদীতে নেমে পড়ে। একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাদের নদী থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে দায়িত্ব রত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিক্ষার্থীদের পরিচয়
সাফি রানিহাটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। অপরদিকে জুবায়ের দিনাজপুরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
পুলিশের বক্তব্য
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, নদীতে ডুবে দুই কিশোরের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে দিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।



