হাম ও ডেঙ্গু মোকাবিলায় প্রতিরোধ ও সচেতনতার ওপর জোর দিলেন স্বাস্থ্যমন্ত্রী
হাম-ডেঙ্গু মোকাবিলায় প্রতিরোধ ও সচেতনতার ওপর জোর

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সারদার মোঃ সাখাওয়াত হোসেন রবিবার বলেছেন, দেশের হাম ও ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় শুধু চিকিৎসার পরিবর্তে প্রতিরোধ ও জনসচেতনতার ওপর জোর দিতে হবে।

সেমিনারে প্রধান অতিথি

জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত 'হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা ও প্রতিরোধই সর্বোত্তম উপায়' শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন।

প্রতিরোধের ওপর গুরুত্ব

সাখাওয়াত হোসেন বলেন, 'মায়ের বুকের দুধ, পুষ্টিকর খাবার, পরিচ্ছন্নতা, আইসোলেশন এবং সময়মতো টিকাদান নিশ্চিত করা গেলে হাম ও ডেঙ্গু অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। তাই চিকিৎসার চেয়ে প্রতিরোধ ও জনসচেতনতার ওপর জোর দিতে হবে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, 'আগে মনে করা হতো ৬-৯ মাস বয়সী শিশুরা মায়ের দুধের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা পায়। কিন্তু এখন সেই বয়সের শিশুরাও হামে আক্রান্ত হচ্ছে। এর প্রধান কারণ অপুষ্টি এবং মায়ের বুকের দুধ না পাওয়া।'

হামের ভয়াবহতা

হামের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, 'বেশিরভাগ রোগীই হামের পর নিউমোনিয়ায় আক্রান্ত হন। অনেক ক্ষেত্রে হাম থেকে সেরে ওঠার পরও সেকেন্ডারি ইনফেকশন ও নিউমোনিয়ায় মৃত্যু ঘটে।'

স্বাস্থ্যমন্ত্রী বলেন, '২০২০ সালের পর দেশে নিয়মিত হামের টিকাদান কর্মসূচিতে বড় ঘাটতি দেখা দেয়। এক সময় দেশে হামের টিকাই পাওয়া যাচ্ছিল না। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ইউনিসেফ ও গ্যাভির সহায়তায় জরুরি ভিত্তিতে টিকা সংগ্রহ করা হয়।'

টিকাদান কর্মসূচি

হামের মৃত্যুর হার কমছে উল্লেখ করে তিনি বলেন, '৫ এপ্রিল ১৮টি আক্রান্ত জেলার ৩০টি উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু হয়। পরে চার সিটি করপোরেশনসহ সারা দেশে কার্যক্রম চালু হয়। এখন যেসব শিশু টিকা পায়নি, তাদের দরজায় দরজায় গিয়ে খুঁজে বের করা হচ্ছে। আক্রান্তের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমছে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মূল প্রবন্ধ উপস্থাপন

হাম বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হলি ফ্যামিলি হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফারহানা হক এবং ডেঙ্গু সচেতনতা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাবের গবেষণা সম্পাদক ডা. মোঃ সায়েম।

সেমিনারে সভাপতিত্ব করেন ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মোঃ আবুল কেনান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ডা. মোঃ আব্দুস সালাম, ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মোঃ জহিরুল ইসলাম শাকিল এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম দোনার।