প্রধানমন্ত্রী তারেক রহমান ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। সোমবার (২৭ এপ্রিল) বিকালে যশোরের চাঁচড়া এলাকার হরিণার বিলে ফলকটি উন্মোচন করেন তিনি। ভবনটি নির্মাণের দায়িত্বে রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান
ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সভাপতি ও প্রয়াত দলনেতা তারিকুল ইসলামের স্ত্রী অধ্যাপক নার্গিস বেগম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হুসাইন, পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রধানমন্ত্রীর বক্তব্য
এসময় প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উন্নয়নে তার সরকারের অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। আমাদের সরকারের উদ্দেশ্য হলো মানুষকে অসুস্থতা থেকে দূরে রাখা। আমরা একটি আরও সচেতন ও সংবেদনশীল জাতি গড়তে চাই।”
তিনি আরও বলেন, “কারণ আমাদের সবাইকে মনে রাখতে হবে যে, আমরা যদি সামনে এগোতে চাই, দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই— তাহলে একটি সুস্থ জনগোষ্ঠী অপরিহার্য। জাতি সুস্থ না থাকলে আমরা পিছিয়ে পড়বো। সেই লক্ষ্যকে সামনে রেখেই বর্তমান বিএনপি সরকার কাজ করছে।”
জনগণের প্রতি আহ্বান
স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সমর্থন জানাতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা সরকারকে সহযোগিতা করলে আমাদের পক্ষে এই উদ্যোগগুলো এগিয়ে নিয়ে যাওয়া এবং মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সহজ হবে।”



