ছয় দফা দাবি আদায়ে সারাদেশে একযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোর ইন্টার্ন চিকিৎসকরা। রবিবার (৭ জুন) সকাল থেকে চট্টগ্রাম, ময়মনসিংহ ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে এ কর্মসূচি শুরু হয়। একই দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশও করেছেন তারা।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজে কর্মবিরতি
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন রবিবার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে। একই দাবিতে বেলা ১১টার পর ক্লাস বর্জন করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরাও। এতে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা দুর্ভোগে পড়েন।
ময়মনসিংহ ও রাজশাহীতে বিক্ষোভ
অন্যদিকে, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা বিক্ষোভ মিছিল শেষে হাসপাতাল পরিচালকের কাছে ছয় দফা দাবি পেশ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও রবিবার থেকে কর্মবিরতি শুরু করেন। রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে হাসপাতালের প্রধান ফটকে মানববন্ধন করে তারা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা।
ইন্টার্ন চিকিৎসকদের দাবি কী
আন্দোলনরত চিকিৎসকদের দাবির মধ্যে রয়েছে স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের গত ১৯ মে জারি করা এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার এবং নতুন নির্দেশনা জারি করা। তারা বলছেন, সাম্প্রতিক প্রস্তাবনায় ঢাকা মেডিক্যাল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের কিছু বিভাগে নতুন পদায়ন বন্ধ, উপজেলায় দুই বছর বাধ্যতামূলক সেবাদান এবং সীমিতসংখ্যক ভাতার বিধান রাখা হয়েছে, যা তারা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
এ ছাড়া ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা নির্ধারণ, ট্রেইনি চিকিৎসকদের বেতন আবাসিক ভাতাসহ নবম গ্রেডের সমপর্যায়ে নির্ধারণ, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এর বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। দাবিগুলোর মধ্যে আরও রয়েছে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, বিএমডিসি আইন-২০২৫-কে অধ্যাদেশের পরিবর্তে পূর্ণাঙ্গ আইনে রূপান্তর, ভুয়া চিকিৎসক পরিচয়দানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতনকাঠামো প্রণয়ন। পাশাপাশি বিএমডিসি ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীন ভর্তি পরীক্ষার ফি এক হাজার টাকার মধ্যে নির্ধারণের দাবিও জানানো হয়েছে।
প্রভাব পড়ছে রোগীসেবায়
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিব হোসেন বলেন, ‘আমরা রোগীদের স্বার্থ বিবেচনা করে কর্মবিরতি পিছিয়েছিলাম। প্রশাসনকে শুরুতে ৪৮ ঘণ্টা ও পরে আরও ২৪ ঘণ্টা সময় দিয়েছি। বাধ্য হয়েই কর্মবিরতিতে যেতে হয়েছে।’ তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জরুরি স্বাস্থ্যসেবা সচল রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, ইন্টার্নরা কর্মবিরতিতে গেলেও অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও মিড-লেভেলের চিকিৎসকদের মাধ্যমে সেবা অব্যাহত রাখা হয়েছে। তবে দীর্ঘমেয়াদে ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ না দিলে সেবায় সমস্যা তৈরি হবে। এর আগে গত বৃহস্পতিবার থেকে বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছিলেন ইন্টার্ন চিকিৎসকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।



