টাঙ্গাইলে গৃহবধূর একসঙ্গে চার সন্তান জন্ম
টাঙ্গাইলে গৃহবধূর একসঙ্গে চার সন্তান জন্ম

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে এক গৃহবধূ একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন। নবজাতক সন্তানদের মধ্যে একজন ছেলে ও তিনজন মেয়ে। মা ও নবজাতক চারজনই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। বুধবার (১৩ মে) দুপুরে কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত তথ্য

হাসপাতাল সূত্রে জানা গেছে, টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কাশিল গ্রামের কাশেম মিয়ার ছেলে হায়দার আলীর স্ত্রী বিথী বেগম প্রসব ব্যথা নিয়ে কয়েকদিন আগে কুমুদিনী হাসপাতালে ভর্তি হন। স্বাভাবিকভাবে (নরমাল ডেলিভারির মাধ্যমে) সন্তান প্রসব না হওয়ায় বিথি বেগমের পরিবারের সঙ্গে পরামর্শক্রমে মঙ্গলবার হাসপাতালের চিকিৎসকরা সিজার অপারেশনের মাধ্যমে বিথী বেগমের চার সন্তানের জন্ম দেন।

নবজাতকদের অবস্থা

চার সন্তানের মধ্যে একজন ছেলে এবং তিনজন কন্যা সন্তান। চার নবজাতককে সুস্থ রাখতে কুমুদিনী হাসপাতালের এনআইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিথি বেগমের শাশুড়ি ও তার মা জানিয়েছেন, এই দম্পতির ১০ বছরের একটি সন্তান রয়েছে। দীর্ঘ দিন পর একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় পরিবারে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাসপাতালের বক্তব্য

কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক অনিমেষ ভৌমিক লিটন ও ডেপুটি পরিচালক (শিশু রোগ বিশেষজ্ঞ) ডা. আলী আহসান বলেন, মা ও চার নবজাতকই সুস্থ রয়েছে। কুমুদিনী হাসপাতালের পক্ষ থেকে তাদের সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ