সরকারের কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত এই ব্রিফিংয়ে তিনি জানান, হামের টিকা নিয়ে গাফিলতি ছিল কি না, তা তদন্তে কমিটি গঠন করা হচ্ছে।
তদন্ত কমিটির গঠন
জাহেদ উর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে যে রাষ্ট্রীয় ব্যক্তি-প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ব্যক্তি-প্রতিষ্ঠান যাঁরা টিকা ও স্বাস্থ্য নিয়ে কাজ করেন, তাঁদের সমন্বয় করে এই কমিটি গঠন করা হবে। খুব দ্রুতই এই কাজ শুরু হবে।’ তিনি আরও বলেন, ‘কমিটি যখন তৈরি হবে, কারা কারা সদস্য, তা জনগণকে জানানো হবে।’
হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যু
দেশে প্রতিদিনই হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। হামের উপসর্গে এ পর্যন্ত চার শতাধিক শিশু মারা গেছে। অভিযোগ উঠেছে, বিগত সরকারের আমলে হামের টিকার সংকট ছিল। এর আগে ৫ মে এক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানিয়েছিলেন, হামের টিকা নিয়ে বিগত সরকারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তদন্তের চেষ্টা হচ্ছে।
তদন্তের পরিধি
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, তদন্ত কমিটি দেখবে কেন টিকা দেওয়ার ক্ষেত্রে ‘ল্যাক’ হলো এবং কবে থেকে এই অবহেলা শুরু হলো। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সময়ে যদি থাকে সেটা, ইন্টেরিমের সময় (অন্তর্বর্তী সরকার) তো কিছু তথ্য আমাদের সামনে আসলে আছে। আমরা ইউনিসেফের প্রতিনিধিকে পাবলিকলি ইন্টারভিউ দিয়ে বলতে শুনেছি যে তাঁরা সরকারকে সতর্ক করেছিলেন—তাঁরা যেভাবে টিকা ক্রয় করতে চাইছেন, এটা সংকট তৈরি করতে পারে। এগুলো তাদের জায়গায়। কিন্তু তাঁর কথাই যে শতভাগ সঠিক তা নয়, তদন্ত কমিটি সবই যাচাই-বাছাই করে দেখবে।’



