নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুতের তারে জড়িয়ে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার বিবরণ
বুধবার (৬ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. ফয়সাল (১৭) চরলক্ষ্মী গ্রামের মো. ইয়াসিন ব্যাপারীর ছেলে। সে চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঘটনার পরিস্থিতি
পুলিশ ও স্বজনরা জানান, দুপুরে নিজ বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যান ফয়সাল। ছেলেকে ছটফট করতে দেখে মা বাঁচাতে দৌড়ে যান এবং তাকে স্পর্শ করা মাত্রই তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মা আহত অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসাধীন।
চিকিৎসকের বক্তব্য
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রাজিব আহ্মমেদ চৌধুরী বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই ছাত্রের মৃত্যু হয়েছে। শরীরে বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন রয়েছে। তার মা গুরুতর আহত হয়েছেন। তার চিকিৎসা চলছে।’
পুলিশের অবস্থান
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, ‘এ নিয়ে কেউ আমাদের কাছে এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’



