ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। রোববার দুপুরে মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন বরাবর ছয় দফা দাবি পেশ করেন ইন্টার্ন চিকিৎসক নেতারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দেন তারা। তবে এতে চিকিৎসা সেবা 'পুরোপুরি বিঘ্নিত হচ্ছে না' বলে দাবি তাদের।
ছয় দফা দাবি কি কি
আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে: স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সাম্প্রতিক সিদ্ধান্ত প্রত্যাহার, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন, ইন্টার্ন চিকিৎসকদের বেতন কাঠামো পুনর্নির্ধারণ, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা, বিএমডিসি আইন সংস্কার এবং বিভিন্ন ভর্তি পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণ।
আন্দোলনকারীদের বক্তব্য
আন্দোলনকারীরা জানান, তাদের ছয়টি দফার মধ্যে প্রথম দাবির বিষয়ে কিছুটা আশ্বাস দেওয়া হলেও বাকি দাবিগুলোর বিষয়ে কোন প্রতিশ্রুতি মেলেনি। তাই বাধ্য হয়ে তারা কর্মবিরতি পালন করছেন। তারা আরও জানান, ইন্টার্ন ডাক্তাররা কর্মবিরতি শুরু করলেও মমেক হাসপাতালের ট্রেইনি ডাক্তাররা দায়িত্ব পালন করছেন। তাই চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হলেও বন্ধ হয়ে যায়নি। তবে দাবি আদায় না হলে তারা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন।



