ময়মনসিংহের মুক্তাগাছায় বজ্রপাতে কলেজশিক্ষক এএসএম খালেকুল আজাদের (৫৬) মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার বড়গ্রাম ইউনিয়নের রঘুনাথপুর রৌহাসচর বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিচয়
নিহত খালেকুল আজাদ উপজেলার রঘুনাথপুর রৌহাসচর গ্রামের মৃত হাজী ইউসুফ আলীর ছেলে। তিনি গাবতলী ডিগ্রি কলেজে গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার বিবরণ
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ বন্ধ থাকায় বৃহস্পতিবার তিনি নিজ গ্রামে একটি মসজিদ নির্মাণ কাজ তদারকি করছিলেন। দুপুর ১টা ১৫ মিনিটের দিকে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় অন্যরা নিরাপদ স্থানে সরে গেলেও তিনি পাশের একটি আমগাছের নিচে আশ্রয় নেন। তখনই বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বক্তব্য
মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সায়েম তানভীর জানান, নির্মাণ কাজ তদারকির সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাতে তিনি আহত হন। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।



