স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আদ্-দ্বীন হাসপাতালে ছয়জন শিশুর মৃত্যুর ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর হাসপাতালটির বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ঈদের নামাজ শেষে মন্ত্রীর বক্তব্য
বৃহস্পতিবার (২৮ মে) নরসিংদীর মনোহরদী উপজেলার প্রধান ঈদগাহ মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৮টায় ঈদের নামাজ আদায় করেন স্বাস্থ্যমন্ত্রী। নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
শিশু মৃত্যুর ঘটনা বেদনাদায়ক
ঈদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, ‘আজকের এই খুশির দিনে একটি বেদনার খবর হলো গতকালকের (বুধবার) আদ্-দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডের শিশু মৃত্যুর ঘটনা। একটি মায়ের অনুরোধে শিশু ওয়ার্ডটির এসি বন্ধ করে দেওয়া হয়। পরে সম্ভবত গ্যাস লিকেজের কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। যা অত্যন্ত বেদনাদায়ক।’
তিনি আরও বলেন, ‘আমি অন্য একটি জায়গায় হাসপাতাল পরিদর্শনের সময় মর্মান্তিক এই খবরটি পাই। পরে সাথে সাথে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’
হাম প্রতিরোধে টিকার প্রয়োগ
হামে আক্রান্তের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা যদি হামকে মোকাবিলা করতে না পারতাম তবে হাজারো শিশু মারা যেতো। আমাদের হাতে পর্যাপ্ত টিকা রয়েছে। প্রতিটি শিশুকে টিকার আওতায় নিয়ে আসা হবে। ইতোমধ্যে হামের প্রাদুর্ভাব ও মৃত্যুর সংখ্যা অনেকটা কমে গেছে। হাম আক্রমণ রোগীদের সংস্পর্শ থেকে সুস্থ বাচ্চাদের দূরে রাখতে পারলে আশা করি ঈদের পরে হাম আক্রান্তের সংখ্যা সম্পূর্ণ কমে আসবে।’
উপস্থিত ব্যক্তিবর্গ
এসময় উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ মুহাইমিন আল জিহান, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, মনোহরদী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবদুল হান্নান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ প্রমুখ।



