ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে দেশের ৩৫ স্থানে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১৬ হাজার মানুষ
ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ৩৫ স্থানে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

ফারাজ হোসেন ফাউন্ডেশন ও এসকেএফ ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমান ও তাঁর নাতি ফারাজ আইয়াজ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার দেশের ৩৫টি স্থানে দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পে প্রায় ১৬ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন।

কুমিল্লায় চিকিৎসা ক্যাম্প

কুমিল্লা নগরের উনাইসার চেয়ারম্যান বাড়ি এলাকায় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেডিক্যাল ক্যাম্প চলে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা সেবা দেন। সকাল ১১টার দিকে সেবাপ্রত্যাশী মানুষের ভিড় দেখা যায়। মৌসুমি আক্তার নামের এক নারী ডায়াবেটিস ও জ্বরের সমস্যা নিয়ে এসেছিলেন। তিনি বলেন, ‘অনেকে দিন ডাক্তার দেখাব দেখাব বলে টাকার সমস্যার কারণে ডাক্তার দেখাতে পারছিলাম না। আজকে বিনা টাকায় সেবা পেয়ে আমি খুশি। আমি লতিফুর রহমান ও ফারাজ হোসেনের জন্য দোয়া করব।’

খুলনায় চিকিৎসা শিবির

খুলনায় নগরের জলিল সরণির বয়রা ক্লিনিকে চিকিৎসাশিবিরের আয়োজন করা হয়। সকাল ১০টায় দেখা যায় চিকিৎসা নিতে আসা মানুষের ব্যাপক ভিড়। বুকে ব্যথা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, জ্বর, অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছিলেন অনেকে। দুর্বলতা ও বমি ভাবের চিকিৎসা নিতে আসা মেহেদী হাসান (৫৫) বলেন, ‘শরীর চলতে চায় না। বুকে ও মাথায় ব্যথা হয়। প্রায়ই বমি বমি ভাব হয়। এখানে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হচ্ছে জেনে এসেছিলাম। ডাক্তার দেখিয়েছি, ওষুধ পেয়েছি।’ এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জ্যেষ্ঠ ডেপুটি সেলস ম্যানেজার মনিরুজ্জামান মনির বলেন, ‘প্রয়াত লতিফুর রহমান ও ফারাজ আইয়াজ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছি। সকাল ৯টায় চিকিৎসাসেবা শুরু হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত ২৫০ জন রোগী নিবন্ধন করেছেন। এর মধ্যে শতাধিক রোগীকে বিনা মূল্যে ওষুধ ও ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বগুড়ায় দুটি শিবিরে ১২০০ রোগী

বগুড়ায় দিনব্যাপী দুটি আলাদা চিকিৎসাশিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে বিনা মূল্যে সেবা পেয়েছেন ১ হাজার ২০০ জন মানুষ। ধুনট উপজেলার যমুনা নদীর ভাঙনকবলিত গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া হাফিজিয়া মাদ্রাসা এবং বগুড়া সদর উপজেলার পলাশবাড়ী গ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ যুবসংঘ কার্যালয়ে সকাল ৯টা থেকে চিকিৎসাসেবা শুরু হয়। যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা থেকে হতদরিদ্র ৬ শতাধিক মানুষ স্বাস্থ্যসেবা নিতে আসেন। গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের ডালিম খাতুন (৪৫) বলেন, ‘যমুনা হামাকেরে বসতভিটা সব গিলে খাচে। মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই। গরিব মানুষ। অসুখের চিকিৎসা করামো ক্যাংকা করে? নানা অসুখত ভুগিচ্চি। টেকার জন্যি এত দিন ডাক্তার দেকাপার পারিনি। এটি আসে মাগনা ডাক্তার দেকাপার পারিচি, ওষুধডাও মাগনা পাচি। হামার খুবই উপকার হচে।’

ফরিদপুরে সাত শতাধিক রোগী

ফরিদপুর শহরের দক্ষিণ চর কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিনা মূল্যে চিকিৎসাশিবিরের আয়োজন করা হয়। সেখানে সাত শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়। রোগীদের দেখে ব্যবস্থাপত্র দেন হৃদরোগ, ডায়াবেটিস ও মেডিসিন চিকিৎসক সৌরভ দাস এবং ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক তানজিন রহমান। চরকমলাপুর এলাকার মিনু বেগম (৪৫) বলেন, ‘গতকাল মঙ্গলবার মাইকিং শুনে এসেছি। ডাক্তার পাঁচ ধরনের ওষুধ লিখে দিয়েছেন। এখান থেকে আমাকে চার ধরনের ওষুধ ফ্রি দিয়েছে। আমি খুব খুশি।’

নোয়াখালী ও লক্ষ্মীপুর সীমান্তে ক্যাম্প

নোয়াখালীর সীমান্তবর্তী লক্ষ্মীপুরের আজাদনগর চর আবদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যে মেডিক্যাল ক্যাম্প হয়েছে। দুই জেলার সীমান্তবর্তী চরাঞ্চলের তিন শতাধিক অসহায়, দুস্থ ও সাধারণ মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। ক্যাম্পে চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক তৌহিদুল ইসলাম এবং গাইনি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক নুসরাত জাহান অনু। এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আঞ্চলিক ব্যবস্থাপক খায়রুল বাশার বলেন, ‘ফারাজ হোসেন ফাউন্ডেশন ও এসকেএফ সব সময়ই মানবতার কল্যাণে কাজ করে আসছে। চরাঞ্চলের মানুষ ভৌগোলিক ও যাতায়াত ব্যবস্থার নানা সীমাবদ্ধতার কারণে অনেক সময় সঠিক সময়ে উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। তাঁদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতেই আমাদের এই আয়োজন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

বরিশালে প্রত্যন্ত অঞ্চলে সেবা

বরিশালের উজিরপুর উপজেলার প্রত্যন্ত ডাবেরকূল ইউনিয়নে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত ক্যাম্পে অন্তত ৩০০ দরিদ্র রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়। গাজীরপাড় গ্রামের বৃদ্ধ আবদুস সত্তার (৮৫) দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছেন। তিনি বলেন, ‘মোগো গরিব মাইনসের লইগ্যা য্যারা এই আয়োজন করছে, হ্যাগো আল্লায় রহমত করুণ, প্রাণখুইল্লা দোয়া হরি।’ মালিকান্দা গ্রামের মমতাজ বেগম (৪৫) অ্যালার্জি, শারীরিক ব্যথাসহ নানা সমস্যায় ভুগছেন। তিনি বলেন, ‘এহন যদি আল্লায় একটু আছান দেয়।’

টাঙ্গাইলে ৪০০ রোগী

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কোলাহা শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ে চিকিৎসাশিবিরের আয়োজন করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকেরা মেডিসিন, সার্জারি, গাইনি অ্যান্ড অবস, নাক–কান–গলা, দন্ত, হৃদরোগ, ডায়াবেটিস, বক্ষব্যাধি, শিশুরোগের চিকিৎসা প্রদান করেন। এই ক্যাম্পে প্রায় ৪০০ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।