গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সোমবার বিকালে পাগলা কুকুরের কামড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের তালিকা
আহত ব্যক্তিরা হলেন: গোলাম রাব্বী (২০), সুরুজ্জামান (৪৭), সানোয়ার হোসেন (৪৫), সামিয়া (৪), সাহারুল (৩০), হৃদয় রায় (২৬), ফারুক হোসেন (৩৫), কাউসার (২৭), রেজাউল করিম (৩৯), লুৎফর রহমান (৩১) ও শহিদুল ইসলাম (৩৫) সহ ১৫ জন।
কুকুরের উপদ্রব
জানা যায়, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে কুকুরের উপদ্রব বেড়ে গেছে। সোমবার উপজেলার লতিফপুর জোড়া ব্রিজ এলাকা, টিএনটি রেললাইন এলাকা, হাইটেক পার্ক এলাকাসহ বিভিন্ন জায়গায় পাগলা কুকুর একে একে কামড়িয়ে কমপক্ষে ১৫ জনকে গুরুতর আহত করে। পরে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
পাগলা কুকুরের কামড়ের ঘটনায় সারা উপজেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীর বর্ণনা
কুকুরের কামড়ে আহত সাহারুল জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেয়ে সামিয়াকে নিয়ে হরিনহাটি রাস্তায় হাঁটছিলেন। এ সময় একটি পাগলা কুকুর প্রথমে তাকে কামড় দেয়। তিনি প্রতিহত করতে গেলে তার মেয়েকেও কামড় দিয়ে আহত করে।
চিকিৎসা ব্যবস্থা
কালিয়াকৈর উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেন, যারা কুকুরের কামড়ে অল্প আহত হয়েছেন, তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। যাদের ক্ষত বেশি, তাদের ঢাকার মহাখালীসহ বিভিন্ন হাসপাতালে রেফার্ড করা হয়েছে।



