বরিশালে বিধবা বৃদ্ধাকে ধর্ষণ, ভিডিও ধারণ করে টাকা দাবির মামলা
বরিশালে বিধবা বৃদ্ধাকে ধর্ষণ, ভিডিও ধারণ করে টাকা দাবি

বরিশালের মুলাদী উপজেলায় এক বিধবা বৃদ্ধাকে সঙ্গবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করে দুই লাখ টাকা দাবির অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভুক্তভোগী বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা করেন।

অভিযুক্তরা কারা

মামলায় অভিযুক্তরা হলেন- মুলাদীর চরলক্ষ্মীপুর গ্রামের মৃত জব্বার ব্যাপারীর ছেলে হালিম ব্যাপারী (৬০) ও মৃত সুয়াজেল খন্দকারের ছেলে মাসুদ খন্দকার (৪০)। মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনার বিবরণ

মামলার এজাহার সূত্রে জানা গেছে, হালিম ব্যাপারী ওই বৃদ্ধার বাড়ির সামনে দিয়ে যাতায়াতের সময় অশ্লীল অঙ্গভঙ্গি এবং তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এ বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে বিচার চান ওই ভুক্তভোগী বৃদ্ধা। এতে হালিম ব্যাপারী ক্ষিপ্ত হন এবং দেখে নেওয়ার হুমকি দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গত ২২ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে হালিম ব্যাপারী ও মাসুদ খন্দকার ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে কৌশলে ঘরে প্রবেশ করেন। পরে হালিম ব্যাপারী বৃদ্ধাকে ধর্ষণ করেন এবং মাসুদ খন্দকার ভিডিও ধারণ করেন। পরে মাসুদ খন্দকারও বৃদ্ধাকে ধর্ষণ করেন।

টাকা দাবি ও হুমকি

ধর্ষণের পর আসামিরা বৃদ্ধাকে ভিডিও দেখিয়ে দুই লাখ টাকা দাবি করে। ওই নারী টাকা দিতে পারবেন না জানালে তারা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার হুমকি দেয়। পরে বৃদ্ধা স্থানীয় লোকজনকে জানিয়ে বিচার পেতে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেন।

অভিযুক্তের বক্তব্য

অভিযুক্ত হালিম ব্যাপারী ধর্ষণের বিষয়টি অস্বীকার করে বলেন, মাসুদ খন্দকার বৃদ্ধার অশ্লীল ভিডিও ধারণ করেছিলেন। টাকা দাবির বিষয়টি তার জানা নেই।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের অবস্থান

মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, বিধবা বৃদ্ধার অশ্লীল ভিডিও ধারণ ও টাকা দাবির ঘটনায় থানায় অভিযোগ করেছিলেন। পুলিশ ঘটনার তদন্তে প্রাথমিক সত্যতা পেয়েছে। বৃহস্পতিবার ভুক্তভোগী বরিশাল আদালতে একটি মামলা করেছেন। আদালতের নির্দেশনা পেলে আসামিদের গ্রেফতারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।