স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, রাজধানীর মগবাজারের আদ্ দ্বীন হাসপাতালের পোস্ট অপারেটিভ কক্ষে ছয় শিশুর মৃত্যুর তদন্ত প্রতিবেদন আজ শনিবার দেওয়া হচ্ছে না। তিনি প্রথম আলোকে বলেন, প্রতিবেদন দেওয়ার আগে ছয় শিশুর মায়ের সঙ্গে কথা বলা হবে। কথা বলার পর প্রতিবেদনটি আগামী ৩ জুন দেওয়া হবে।
ঘটনার বিবরণ
গত বুধবার সকালে হাসপাতালটির ডেলিভারির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় নবজাতকের মৃত্যু হয়। নবজাতকদের বয়স এক থেকে তিন দিন। এ ঘটনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। ঘটনাটি তদন্তে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক মো. জাহিদ রায়হান প্রথম আলোকে জানিয়েছিলেন, শনিবার (আজ) তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।
মন্ত্রীর বক্তব্য
তবে আজ স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে ছয় শিশু মারা গেছে তাঁদের সঙ্গে কথা বলার পর তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। তিনি বলেন, ‘শিশুদের মায়েরা বিভিন্ন এলাকায় আছে। তাদের কাছে থেকে কথা শোনা হবে। তারপর এসব বিষয় তদন্তের মধ্যে থাকবে।’ তদন্তে এখন পর্যন্ত কী পাওয়া গেল তা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। তিনি বলেন, ‘ছয়টি বাচ্চা একবারে মারা গেছে। বুঝতে পারছেন তদন্তে কী আসবে। বাচ্চাগুলো তো আর হাইপার সিনড্রোমে (গুরুতর কোনো লক্ষণযুক্ত উপসর্গ) মারা যায় নি। আমরা সমস্ত আলামত, সমস্ত ব্যাখ্যা পেয়েছি। কিন্তু সামারটি (মূল বিষয়) বলব না। মায়েদের স্টেটমেন্টটা নিয়ে দেখি। যদি কিছু যুক্ত হয়, তবে সব কিছু এক করে পরে কথা বলব। ৩ জুন দেওয়া হবে প্রতিবেদন।’
পুলিশি তদন্ত
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির বিভিন্ন পর্যায়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে কাউকে আটক করা হয়নি। কী কারণে ছয় শিশুর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে। এ ঘটনায় দায়ের করা মামলাটি তদন্ত করছেন রমনা থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল। গতকাল শুক্রবার তিনি প্রথম আলোকে বলেন, নবজাতকদের মৃত্যুর পর থেকেই হাসপাতালটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে কয়েকজন চিকিৎসক, নার্স ও কর্মচারীর সঙ্গে কথা বলা হয়েছে। তবে কাউকে এখনো আটক বা গ্রেপ্তার করা হয়নি। নবজাতকদের মৃত্যুর কারণ সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি।



