ক্যানসারের বিরুদ্ধে লড়াই শেষ, জবির শিক্ষার্থী নূর নবী আর নেই
ক্যানসারের বিরুদ্ধে লড়াই শেষ, জবির শিক্ষার্থী নূর নবীর মৃত্যু

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে হার মানলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নূর নবী। সোমবার বিকেল পাঁচটার দিকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নূর নবী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

বিরল ক্যানসারের বিরুদ্ধে লড়াই

সহপাঠীরা জানান, নূর নবী বিরল ধরনের অস্থি ক্যানসারে আক্রান্ত ছিলেন। ২০১৮ সালে প্রথম এই রোগ ধরা পড়ার পর চিকিৎসকদের পরামর্শে তাঁর একটি পা কেটে ফেলতে হয়। এরপর কৃত্রিম পা লাগিয়ে নিয়মিত ক্লাস-পরীক্ষায় অংশ নিতেন তিনি। সাভার থেকে প্রতিদিন প্রায় ৫৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি ক্যাম্পাসে আসতেন। এভাবেই তিনি সাতটি সেমিস্টার শেষ করেছিলেন।

নূর নবীর এই সংগ্রামী জীবন সহপাঠী ও শিক্ষকদের কাছে ছিল অনুপ্রেরণার উদাহরণ। তবে সম্প্রতি ক্যানসার তাঁর ফুসফুস ও হাড়ে ছড়িয়ে পড়লে শারীরিক অবস্থার অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের সিএমসি ভেলোর হাসপাতালে নেওয়া হয়েছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের আর্থিক সংগ্রাম

পরিবার সূত্রে জানা গেছে, নূর নবীর বাবা একজন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। তিনিও স্ট্রোকে আক্রান্ত। ছেলের চিকিৎসার খরচ জোগাতে পরিবারটি শেষ সম্বল বাড়ি-ভিটা ও জমি বিক্রি করে দিয়েছিল। গত বছর তাঁর চিকিৎসার সহায়তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চ্যারিটি কনসার্টের মাধ্যমে তহবিল সংগ্রহ করেছিলেন। শিক্ষক ও শিক্ষার্থীরা যাঁর যাঁর অবস্থান থেকে এগিয়ে এলেও শেষ পর্যন্ত বাঁচানো গেল না এই অদম্য মেধাবীকে।

শোকের ছায়া

নূর নবীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সহপাঠী ও শিক্ষকেরা তাঁর সাহসের স্মৃতিচারণা করে শোক জানাচ্ছেন। নূর নবীর বিভাগীয় শিক্ষকেরা জানিয়েছেন, তাঁর এই অকাল প্রয়াণ বিশ্ববিদ্যালয়ের জন্য বড় ক্ষতি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ