গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) এই তথ্য নিশ্চিত করেছে।
মৃতের সংখ্যা ও নতুন আক্রান্ত
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ আপডেটে সন্দেহভাজন হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৯ জনে। তবে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামে মৃতের সংখ্যা অপরিবর্তিত রয়েছে ৯৩ জনে।
একই সময়ে দেশব্যাপী ৯৪১ জন নতুন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ২০৭ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ১১৬ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। ফলে মোট নিশ্চিত সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৭১০ জনে।
হাসপাতালে ভর্তি ও সুস্থতা
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮২ হাজার ৮৪৪ জন সন্দেহভাজন হাম রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭৯ হাজার ১৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।



