ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সাতটি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ও পরীক্ষাকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) ৩ জুলাই সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
পদের বিবরণ ও প্রার্থী সংখ্যা
অফিসার (ক্যাশ) পদটি গ্রেড-১০-এ। ৮৫২টি শূন্য পদের জন্য ৮৯ হাজার ৬০৯ প্রার্থী ৩ জুলাই প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের প্রতি নির্দেশনা দিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।
প্রবেশপত্র সংগ্রহ ও ডুপ্লিকেট
যেসব প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করেছেন, শুধু তাঁরা ২৮ জুন থেকে পরীক্ষা শুরুর আগপর্যন্ত বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময়
সারিবদ্ধভাবে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ ও চেকিংয়ের কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এ ক্ষেত্রে বিলম্বে উপস্থিতি কোনো অজুহাতেই গ্রহণযোগ্য হবে না।
নিষিদ্ধ সামগ্রী ও শাস্তি
প্রবেশপত্র (এক কপি) ব্যতীত কোনো ধরনের কাগজ, বই, মানিব্যাগ, মুঠোফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোনো কার্ড), ডিজিটাল বা স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না। উল্লিখিত কোনো কিছু পরীক্ষা চলাকালে পাওয়া গেলে কিংবা অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে এবং দায়িত্ব পালনরত ভ্রাম্যমাণ আদালত তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রবেশপত্রে কোনো রকম খসড়া বা কোনো কিছু লেখা যাবে না।
পরীক্ষার সময় নির্দেশনা
পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে। রোল নম্বর ও কেন্দ্রতালিকা সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।



