অভিনেতা তারিকুজ্জামান তপনের মৃত্যু
অভিনেতা তারিকুজ্জামান তপনের মৃত্যু

ছোট পর্দা ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন (ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত ৮টা ৫ মিনিটে রাজধানীর আফতাবনগরে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

মৃত্যুর কারণ ও শেষ সময়

দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন এই অভিনেতা। অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘আমরা সংগঠন থেকে সার্বক্ষণিক তারিকুজ্জামান ভাইয়ের পাশে ছিলাম। গতকাল রাতেও আমি, পাভেল (আজাদ আবুল কালাম) ভাইসহ অনেকেই ছিলাম। সে সময় তপন ভাই আইসিইউতে ছিলেন। পরে চিকিৎসক জানিয়ে দেন আর কোনো চিকিৎসা নেই। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে বাসায় নিয়ে আসা হয়। পরে শারীরিক অবস্থা খারাপ হলে রাতেই মারা যান।’

জানাজা ও দাফন

রাতে আফতাবনগরের পরশিনগর জামে মসজিদে জানাজা শেষে মরদেহ টাঙ্গাইলে নিয়ে যাওয়া হবে। সেখানে ধনবাড়ী উপজেলায় গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের আবেদন

গতকাল বৃহস্পতিবার তাঁর ছেলে তাছফিক ফেসবুকে লেখেন, ‘আমার বাবা কিছু সময় আগে গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউতে অ্যাডমিট হয়েছে। সবাই দোয়া করবেন। কেউ যদি সরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করতে সহযোগিতা করতে পারেন, জানাবেন। আর্থিক সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব নয়। দয়া করে যাঁর যাঁর পর্যায় থেকে যতটুকু পারেন সহযোগিতা করবেন।’

অভিনয় জীবন

একসময় ছোট পর্দা ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন তারিকুজ্জামান তপন। কমেডি চরিত্রে তাঁর স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকের কাছে প্রশংসিত হয়। টেলিভিশন নাটক ও সিনেমা—দুই মাধ্যমেই কাজ করেছেন।

উল্লেখযোগ্য কাজ

  • চলচ্চিত্র: ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘যা ছিল অন্ধকারে’
  • টেলিভিশন নাটক: ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’, ‘মৃত্তিকার যাত্রা’

এই অভিনেতা দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীকে রেখে গেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ