প্রধানমন্ত্রীর সাথে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সাথে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী বাংলাদেশী শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। রোববার (১২ জুলাই) বিকাল সাড়ে ৫টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অভিনন্দন ও উৎসাহ

এ সময় প্রধানমন্ত্রী স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীসহ প্রতিনিধিদলের সব সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশী শিক্ষার্থীদের এ সাফল্যে তিনি গর্ব প্রকাশ করেন এবং বলেন, ‘দেশের নতুন প্রজন্মের উদ্ভাবনী ও সৃজনশীল মেধার বিকাশে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।’ প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বিজয়ী প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে চান। তিনি তাদের পড়াশোনা, গবেষণা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নতুন নতুন উদ্ভাবনী ও সৃজনশীল উদ্যোগে আরও এগিয়ে যেতে উৎসাহিত করেন।

এআই ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে অংশগ্রহণ

প্রতিনিধিদল আগামী ২ থেকে ৮ আগস্ট কাজাখস্তানে অনুষ্ঠিতব্য এআই ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে অংশগ্রহণের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে। প্রধানমন্ত্রী তাদের সর্বাত্মক সাফল্য কামনা করেন এবং এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপহার বিতরণ

এ সময় প্রধানমন্ত্রী স্বর্ণপদকজয়ী হোমনা আদর্শ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাইদুজ্জামান আরাফ এবং নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ত্রিদিব রায় আর্যকে একটি করে ল্যাপটপ উপহার দেন। এছাড়া দলের অন্যান্য সদস্য নাইরা নাওয়ার আহমেদ, নাওফিল রহমান, অনন্য যারিফ আকন্দ, মুবতাসিম চৌধুরী পিয়ম এবং মুরতাযা আব্দুল্লাহকে বই উপহার দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সরকারের ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘তার সরকার দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবী তরুণদের খুঁজে বের করে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, গবেষণার সুযোগ এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতের মাধ্যমে তাদের বিকাশে কাজ করে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘দেশের মেধাবী তরুণদের হাত ধরেই প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে।’ বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সবাইকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।

বাংলাদেশে এআই অলিম্পিয়াড আয়োজনের আগ্রহ

প্রতিনিধিদল বাংলাদেশে এআই অলিম্পিয়াড আয়োজনের আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী এ বিষয়ে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিনিধিদলের সদস্যবৃন্দ

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বাংলাদেশ এআই অলিম্পিয়াডের টিম লিডার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বি. এম. মইনুল হোসেন রাজু, বাংলাদেশ এআই অলিম্পিয়াডের কোচ ড. মোহাম্মদ আজম খান, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান এবং বাংলাদেশ এআই অলিম্পিয়াডের কো-অর্ডিনেটর ও মেন্টর তাসনিম মাহফুজ নাফিস।

উপস্থিত কর্মকর্তারা

এ সময় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।