হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের অফিস সহায়ক পদে মৌখিক পরীক্ষা আগামী ৯ আগস্ট ২০২৬ থেকে শুরু হবে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৫৫ শূন্য পদে নিয়োগ
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অফিস সহায়ক পদের ২৫৫টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি প্রার্থীরা হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের ওয়েবসাইট থেকে জানতে পারবেন।
এসএমএসের মাধ্যমে জানানো হবে
এ ছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এসএমএস পাঠিয়ে পরীক্ষার তারিখ ও সময় প্রার্থীদের জানানো হবে। মৌখিক পরীক্ষায় অংশ নিতে লিখিত পরীক্ষার সময় ইস্যু করা প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র দেওয়া হবে না।
প্রবেশপত্র পুনরায় ডাউনলোড
প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে ওয়েবসাইট থেকে পুনরায় ডাউনলোড করা যাবে। নিয়োগসংক্রান্ত আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।



