ইংরেজি ভাষায় দক্ষতার পরীক্ষা হলো আইইএলটিএস। স্পিকিং, লিসেনিং, রাইটিং ও রিডিং—এই চার অংশ মিলিয়ে আন্তর্জাতিক ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষা আইইএলটিএস (IELTS)। এ পরীক্ষায় হাজার হাজার পরীক্ষার্থীর ফলাফলে বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছে। এ কারণে এর অন্যতম অংশীদার ও পরিচালনাকারী সংস্থা ‘কেমব্রিজ ইংলিশ’-কে ৮ লাখ ৭৫ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ৪২ লাখ টাকা) জরিমানা করেছে যুক্তরাজ্যের পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা ‘অফকোয়াল’।
ত্রুটির বিবরণ
অফকোয়াল জানিয়েছে, কম্পিউটার-নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় খাতা মূল্যায়ন পদ্ধতিতে যান্ত্রিক ত্রুটির কারণে বিশ্বে হাজারো পরীক্ষার্থীর ফলাফল ভুল এসেছিল। ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত এই ত্রুটি দেখা দেয়। এই দুই বছরে বিশ্বজুড়ে প্রায় ৭৭ লাখ পরীক্ষার্থী অংশ নেন, যার মধ্যে ৯৩ হাজার ৮৬৫টি উত্তর ভুলভাবে মূল্যায়িত হয়েছে। ফলে ৬২ হাজার ৭৯৪ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভুল নম্বর পেয়েছিলেন। পরে ফলাফল সংশোধন করা হয়।
ফলাফল সংশোধন
সংশোধিত ফলাফলের মধ্যে ২০ হাজার ৬০০ জনেরও বেশি পরীক্ষার্থীর ব্যান্ড স্কোর আগের চেয়ে বৃদ্ধি পায়। অন্যদিকে, ভুলক্রমে ১ হাজার ১১৫ জনের স্কোর প্রকৃত নম্বরের চেয়ে বেশি চলে আসায় তা সংশোধন করে কিছুটা কমিয়ে আনা হয়।
ভিসা সংক্রান্ত প্রভাব
আক্রান্ত পরীক্ষার্থীদের মধ্যে ১ হাজার ১০৮ জন যুক্তরাজ্যের ভিসা ও ইমিগ্রেশন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় ‘সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট’ (SELT) পরীক্ষা দিয়েছিলেন। এর মধ্যে ৪টি ক্ষেত্রে ভুল ফলাফলের কারণে পরীক্ষার্থীদের ভিসার যোগ্যতা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে পরবর্তী সময়ে পুনঃপরীক্ষা দিয়ে প্রয়োজনীয় স্কোর তোলেন শিক্ষার্থীরা।
ত্রুটি সনাক্তকরণ ও জরিমানা
দীর্ঘদিন ধরে চলা এই ত্রুটিটি কেমব্রিজ ইংলিশের নিজস্ব মনিটরিং সিস্টেমেও ধরা পড়েনি। ২০২৫ সালের সেপ্টেম্বরে সিস্টেম আপডেটের সময় বিষয়টি প্রথম ধরা পড়ে এবং তারা তাৎক্ষণিকভাবে অফকোয়ালকে জানায়। অফকোয়ালের নির্বাহী পরিচালক আমান্ডা সোয়ান বলেন, ‘হাজার হাজার মানুষ এই পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। দীর্ঘ সময় ধরে চলা এই পদ্ধতিগত ব্যর্থতার কারণে পরীক্ষার্থী এবং ফল ব্যবহারকারী প্রতিষ্ঠান—উভয় পক্ষই বড় ধরনের ভোগান্তির শিকার হয়েছে। আমাদের এই বিশাল অঙ্কের জরিমানা সেই গাফিলতিরই প্রতিফলন।’
ক্ষতিপূরণ ও ভবিষ্যৎ ব্যবস্থা
কেমব্রিজ ইংলিশ তাদের ব্যর্থতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে। ত্রুটি সংশোধন, পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ, সার্বক্ষণিক কাস্টমার সাপোর্ট হাব পরিচালনা এবং ভবিষ্যতে পুনরাবৃত্তি রোধে নতুন নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে সংস্থাটি ইতিমধ্যে ৬০ লাখ পাউন্ডেরও বেশি অর্থ ব্যয় করেছে। আইইএলটিএস কর্তৃপক্ষের একজন মুখপাত্র জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীরা বিনা মূল্যে পুনরায় পরীক্ষা দেওয়া অথবা সম্পূর্ণ ফি ফেরত পাওয়ার সুযোগ পেয়েছেন। বিশ্বজুড়ে আইইএলটিএস পরীক্ষাটি যৌথভাবে পরিচালনা করে ব্রিটিশ কাউন্সিল, আইডিপি আইইএলটিএস এবং কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট।



