জি৭ সম্মেলনে মোদী-মেলোনির ‘মেলোডি’ ট্রেন্ড ভাইরাল
জি৭ সম্মেলনে মোদী-মেলোনির ‘মেলোডি’ ট্রেন্ড

জি৭ সম্মেলনে উপস্থিত রাষ্ট্রনেতারা একে অপরের সঙ্গে করমর্দন করছেন। হালকা মেজাজে কথাবার্তা বলছেন। সেখানে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সেই জটলায় ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি হাজির হতেই মোদী এগিয়ে যান। দুই রাষ্ট্রনেতার সংক্ষিপ্ত কথোপকথন নজর কেড়েছে সকলের। সমাজিকমাধ্যমে তাদের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

কী বললেন মেলোনি?

বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, ইনস্টাগ্রামে মেলোনির সঙ্গে তাদের জুটির জনপ্রিয়তার কথাই বলেন মোদী! ভিডিওতে দেখা যায়, মেলোনি মোদিকে উদ্দেশ করে বলেন, ‘আবার আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে।’ পরে তিনি হাস্যরসের সুরে যোগ করেন, ‘আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি।’ মেলোনির মন্তব্যে সায় দিয়ে মোদিও তাদের ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা জনপ্রিয় ‘মেলোডি’ ট্রেন্ডের প্রসঙ্গ তোলেন। মুহূর্তটি দ্রুতই নেটদুনিয়ায় আলোচনার জন্ম দেয়।

‘মেলোডি’ ট্রেন্ডের সূত্রপাত

মোদি ও মেলোনির নাম মিলিয়ে তৈরি ‘মেলোডি’ শব্দটি গত কয়েক বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি জনপ্রিয় ট্রেন্ডে পরিণত হয়েছে। ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ-২৮ জলবায়ু সম্মেলনে মেলোনি মোদির সঙ্গে তোলা একটি সেলফি শেয়ার করে ‘মেলোডি’ হ্যাশট্যাগ ব্যবহার করার পর থেকেই বিষয়টি ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর থেকে দুই নেতার প্রতিটি সাক্ষাৎ ঘিরে তৈরি হয়েছে অসংখ্য মিম, ভিডিও ও রসাত্মক কনটেন্ট। আন্তর্জাতিক সম্মেলন কিংবা দ্বিপক্ষীয় বৈঠকে তাদের উপস্থিতি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দেয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

টফি উপহার

সম্প্রতি রোম সফরের সময় মোদি মেলোনিকে ‘মেলোডি’ নামের একটি টফি উপহার দেন। অনেকেই এটিকে ভাইরাল ‘মেলোডি’ ট্রেন্ডের প্রতি প্রধানমন্ত্রীর মজাদার স্বীকৃতি হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নীল রঙের বন্দগালা স্যুট পরিহিত মোদি মেলোনির হাতে টফির একটি প্যাকেট তুলে দেন। সাদা স্যুট পরা মেলোনি হাসিমুখে উপহার গ্রহণ করে তাকে ধন্যবাদ জানান। ভিডিওতে মেলোনিকে বলতে শোনা যায়, ‘প্রধানমন্ত্রী মোদি আমাদের জন্য একটি উপহার এনেছেন... খুব, খুব ভালো টফি।’ এ সময় দুই নেতাকেই হাস্যোজ্জ্বল দেখা যায়। তাদের এই বন্ধুত্বপূর্ণ মুহূর্ত আবারও ‘মেলোডি’ ট্রেন্ডকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।