এইচএসসি বাংলা ১ম পত্রে এ+ পেতে সময় পরিকল্পনা ও কৌশল
এইচএসসি বাংলা ১ম পত্রে এ+ পেতে সময় পরিকল্পনা

এইচএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্রে মোট নম্বর ১০০। প্রথমে ৩০ নম্বরের বহুনির্বাচনি অংশ, তারপর ৭০ নম্বরের সৃজনশীল বা রচনামূলক অংশ। সৃজনশীল অংশে ১১টি প্রশ্নের মধ্যে ৭টির উত্তর লিখতে হবে, প্রতিটি ১০ নম্বর করে। সময় থাকবে ২ ঘণ্টা ৩০ মিনিট বা ১৫০ মিনিট। এই সময়ের মধ্যে ৭টি প্রশ্নের সম্পূর্ণ উত্তর লেখা কঠিন; প্রয়োজন ‘সুনির্দিষ্ট ও পরিমিত’ উত্তর এবং সঠিক সময় পরিকল্পনা। বাংলায় এ+ পাওয়ার ওপর বিশ্ববিদ্যালয় ভর্তি অনেকাংশে নির্ভর করে, তাই পরীক্ষার্থীদের জন্য সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সঠিক প্রশ্ন নির্বাচন

বাংলা প্রথম পত্রে সবচেয়ে জরুরি হলো ‘সঠিক প্রশ্ন নির্বাচন’। সৃজনশীল অংশে ১১টি প্রশ্নের মধ্যে ৭টির উত্তর দিতে হবে। প্রথম ৫ মিনিটে সব প্রশ্ন পড়ে ভালো পারা প্রশ্নগুলো টিক চিহ্ন দিয়ে রাখতে হবে। এতে লেখার সময় সহজেই চোখে পড়বে। প্রশ্ন নির্বাচনের জন্য মাত্র ৫ মিনিট সময় বরাদ্দ রাখতে হবে।

উদ্দীপক পড়া ও বোঝা

প্রতিটি প্রশ্নের উত্তর লেখার আগে উদ্দীপক পড়তে হবে, ভাবতে হবে, কল্পনা করতে হবে এবং পাঠ্যবইয়ের সঙ্গে মেলাতে হবে। প্রতিটি উদ্দীপক পড়ে বুঝতে সময় নিতে হবে ১ মিনিট করে, মোট ৭ মিনিট।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার সময়

প্রতিটি সৃজনশীল প্রশ্নের উত্তর চারটি ধাপে লিখতে হবে। প্রথম ধাপ ‘ক’ জ্ঞানমূলক প্রশ্ন (১ নম্বর): এক বা দুই লাইনের উত্তর, সময় ১ মিনিট। দ্বিতীয় ধাপ ‘খ’ অনুধাবনমূলক প্রশ্ন (২ নম্বর): অর্ধেক থেকে এক পৃষ্ঠা, সময় ৪ মিনিট। তৃতীয় ধাপ ‘গ’ প্রয়োগমূলক প্রশ্ন (৩ নম্বর): তিন প্যারায় দেড় থেকে দুই পৃষ্ঠা, সময় ৬ মিনিট। চতুর্থ ধাপ ‘ঘ’ উচ্চতর দক্ষতাবিষয়ক প্রশ্ন (৪ নম্বর): চার প্যারায় দুই থেকে তিন পৃষ্ঠা, বিশ্লেষণ ও মতামতসহ, সময় ৮ মিনিট। সুতরাং একটি প্রশ্নের চার অংশ লিখতে মোট সময় (১+৪+৬+৮)=১৯ মিনিট।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রিভিশন ও সময় পরিকল্পনার সারসংক্ষেপ

পরীক্ষা শেষে ৫ মিনিট খাতা রিভিশন দিতে হবে। সময় পরিকল্পনা: প্রশ্ন নির্বাচন ৫ মিনিট, উদ্দীপক পড়া ৭ মিনিট, ৭টি প্রশ্নের উত্তর লেখা (৭×১৯)=১৩৩ মিনিট, রিভিশন ৫ মিনিট। মোট সময় ১৫০ মিনিট।

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা।