যুক্তরাষ্ট্র সরকারের ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামের ২০২৭-২৮ সেশনের আবেদন শুরু হয়েছে। এই স্কলারশিপের আওতায় বিশ্বের ১৬০টি দেশ থেকে প্রতিবছর প্রায় চার হাজার শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের সেরা বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি লাভের সুযোগ পান। বাংলাদেশের শিক্ষার্থীরাও এতে আবেদন করতে পারবেন।
স্কলারশিপের সুবিধা
ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামে ভিসা সহায়তা, বিমানে যাতায়াতের খরচ, টিউশন ফি, আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য মাসিক উপবৃত্তি, বইপত্র কেনাসহ নানা সুবিধা পাবেন শিক্ষার্থীরা।
আবেদনের যোগ্যতা
- বাংলাদেশের স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
- আগে কোনো আমেরিকান বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেওয়া যাবে না কিংবা বর্তমানে আমেরিকায় কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি থাকা যাবে না।
- বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশ থেকে আগে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া যাবে না (তবে বাংলাদেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রি গ্রহণযোগ্য)।
- যে বিষয়ে পড়তে যেতে ইচ্ছুক, সে বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক কর্মক্ষেত্রে ন্যূনতম দুই বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- ইংরেজিতে সাবলীল ও পারদর্শী হতে হবে। ইন্টারনেটভিত্তিক টোয়েফলে ন্যূনতম ৯০ কিংবা আইইএলটিএসে ন্যূনতম ৭ স্কোর থাকতে হবে।
- আবেদনের সময় বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিক হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আগামী ১১ জুলাই ২০২৬ পর্যন্ত বাংলাদেশ সময় রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য একটি লগইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। পূর্ণাঙ্গ নির্দেশাবলি পাওয়া যাবে সংশ্লিষ্ট লিংকে।
আবেদনের সময় নিম্নলিখিত ডকুমেন্ট জমা দিতে হবে:
- উচ্চমাধ্যমিক শিক্ষা-পরবর্তী প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ও স্নাতকোত্তর একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র।
- তিনজন সুপারিশকারীর পৃথক সুপারিশপত্র (অনলাইন পোর্টালে সরাসরি জমা দিতে হবে)।
- একাডেমিক রেকর্ড সংক্রান্ত তথ্য ফরম (অনলাইন আবেদন সাইটে পাওয়া যাবে)।
- টোয়েফেল/আইইএলটিএসের স্কোর।
- জিআরই বা জিম্যাট স্কোর (যদি থাকে)।
অগ্রাধিকারপ্রাপ্ত প্রার্থী
এ শিক্ষা কার্যক্রমে অগ্রাধিকারপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কনিষ্ঠ অনুষদ সদস্য, সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, বুদ্ধিবৃত্তিক সংগঠন ও বেসরকারি সংস্থায় কর্মরত কনিষ্ঠ থেকে মধ্যম পর্যায়ের কর্মকর্তারা।
বিষয়ভিত্তিক স্কলারশিপ
ঢাকার মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পাঠ্যক্রম প্রণয়ন, হেলথ অ্যান্ড মেডিক্যাল সায়েন্স, বায়োলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস, সোশ্যাল সায়েন্সেস, হিউম্যানিটিস, বিজনেস, ইকোনমিকস, পাবলিক পলিসি, এনভায়রনমেন্টাল সায়েন্সেস, আরবান প্ল্যানিং, দ্য আর্টস, সাইকোলজি ও সিকিউরিটি স্টাডিজ বিষয়ে ডিগ্রি অর্জনে ফুলব্রাইট বৃত্তি দেওয়া হবে।
আরও বিস্তারিত জানতে [email protected] ইমেইলে যোগাযোগ করা যেতে পারে।



