জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হতে পারে ‘ফোর-ওয়ে টেস্ট’
জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হতে পারে ‘ফোর-ওয়ে টেস্ট’

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও সামাজিক মূল্যবোধ বিকাশে জাতীয় শিক্ষাক্রমে ‘ফোর-ওয়ে টেস্ট’ অন্তর্ভুক্ত হতে পারে। তবে এটি কোন শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সেমিনারে বক্তব্য

শুক্রবার (১৯ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে রোটারি বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। শিক্ষাক্রম বিশেষজ্ঞরা ‘ফোর-ওয়ে টেস্ট’ পর্যালোচনা করবেন এবং এটি ষষ্ঠ শ্রেণি বা অন্য কোনো শ্রেণির পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা সম্ভব কিনা, তা যাচাই করবেন।

ফোর-ওয়ে টেস্ট কী

ফোর-ওয়ে টেস্ট হলো— আমরা যা চিন্তা করি, বলি ও করি, তা যাচাই করার জন্য চারটি প্রশ্ন। প্রশ্নগুলো হলো:

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • এটি কি সত্য?
  • এটি কি সংশ্লিষ্ট সবার প্রতি ন্যায়সংগত?
  • এটি কি সদ্ভাব ও ভালো বন্ধুত্ব গড়ে তুলবে?
  • এটি কি সংশ্লিষ্ট সবার জন্য উপকারী হবে?

এই চার প্রশ্নের উত্তর যদি ‘হ্যাঁ’ হয়, তাহলে সেই চিন্তা, কথা বা কাজকে নৈতিক ও সঠিক বলে বিবেচনা করা যায়।

শিক্ষা খাতের গুরুত্ব

সেমিনারে শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে কর্মমুখী ও দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ খাতের সম্প্রসারণ এবং মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ