এসিআই প্রপার্টিজ লিমিটেডের ইন্টিগ্রেটেড ডিজিটাল প্রপার্টি সেবা প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করেছে ‘সেরেনো লেভান্দে’। সম্প্রতি রাজধানীর এসিআই সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির উদ্বোধন হয়। মানুষের বাসা ভাড়া নেওয়া, পরিচালনা করা এবং আবাসন-সংক্রান্ত সেবা গ্রহণ করার পুরো অভিজ্ঞতায় আস্থা, যত্ন ও সুশৃঙ্খলতা নিয়ে আসার লক্ষ্যেই এ উদ্যোগ। এর মাধ্যমে বাংলাদেশের প্রপার্টি সার্ভিসেস খাতে এসিআইয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য
অনুষ্ঠানে এসিআইয়ের প্রেসিডেন্ট (ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা) মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, ‘বাড়িমালিকেরা শুধু ভাড়ার হিসাব করে বাড়ি ভাড়া দেন না। তাঁরা ভাবেন, সবচেয়ে মূল্যবান স্মৃতিগুলোর আশ্রয়কে কার হাতে তুলে দিচ্ছেন। কারণ, একটি বাড়ি শুধু একটি সম্পত্তি নয়, এটি একটি পরিবারের গল্পের অংশ।’ তিনি আরও বলেন, ‘সেরেনো লেভান্দেতে আমরা শুধু বাড়ি ব্যবস্থাপনার একটি প্রতিষ্ঠান গড়ে তুলছি না। আমাদের দৃঢ় প্রতিশ্রুতি, এমন করেই আপনার বাড়ির যত্ন নেব, যেন সেটি আমাদের নিজের সম্পত্তি।’
প্রযুক্তি ও মানবিক সেবার সমন্বয়
প্রযুক্তি ও মানবিক সেবার সমন্বয়ে বাড়িসংক্রান্ত অভিজ্ঞতাকে নতুনভাবে গড়ে তুলতে চায় সেরেনো লেভান্দে। এআইভিত্তিক মালিক-ভাড়াটে ম্যাচিং, যেকোনো ভাষায় ভয়েস-নির্ভর অনুসন্ধান প্রযুক্তি এবং পেশাদার ব্যবস্থাপনা সেবার মাধ্যমে প্ল্যাটফর্মটি আরও সুশৃঙ্খল, সহজ ও নির্ভরযোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করবে।
এসিআইয়ের ঐতিহ্য ও নতুন অঙ্গীকার
গত পাঁচ দশকে এসিআই ফার্মাসিউটিক্যালস, কৃষি, রিটেইল মার্কেট, ভোক্তাপণ্য এবং মোবিলিটি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে নির্ভরযোগ্য সেবা ও শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তুলেছে। এই প্রতিটি খাতে অনিশ্চয়তা দূর করে বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠার মাধ্যমে এসিআই তার অবস্থান সুদৃঢ় করেছে। একই বিশ্বাস ও অঙ্গীকার নিয়ে সেরেনো লেভান্দে প্রবেশ করছে এমন একটি খাতে, যেখানে দীর্ঘদিন ধরে কাঠামোগত ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও কমপ্লায়েন্সের ঘাটতি ছিল।



