টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং ২০২৬-এ ঢাবির ৬০০ ধাপ অগ্রগতি
টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং ২০২৬-এ ঢাবির ৬০০ ধাপ অগ্রগতি

যুক্তরাজ্যভিত্তিক উচ্চশিক্ষা বিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং ২০২৬-এ ঢাকা বিশ্ববিদ্যালয় ‘উল্লেখযোগ্য সাফল্য’ অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ বুধবার (২৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

৬০০ ধাপ অগ্রগতি

র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছরের তুলনায় ৬০০ ধাপ এগিয়ে বৈশ্বিক অবস্থান সুদৃঢ় করেছে। গত বছর বিশ্ববিদ্যালয়টি ১০০১-১৫০০ ব্যান্ডে অবস্থান করলেও এবার ৪০১-৬০০ ব্যান্ডে স্থান অর্জন করেছে। এই বছর র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে।

মূল্যায়নের ভিত্তি

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, নীতিমালা ও সামাজিক সম্পৃক্ততার ভিত্তিতে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম মূল্যায়ন করে টিএইচই ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং প্রকাশ করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপাচার্যের বক্তব্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই উল্লেখযোগ্য অগ্রগতি আমাদের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে শিক্ষা, গবেষণা ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক কার্যক্রম আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। বিশেষ করে ‘পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশনস’ সূচকে বিশ্বের ২৪তম স্থান অর্জন আমাদের জন্য অত্যন্ত গৌরবের।”

তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞানভিত্তিক গবেষণা, উদ্ভাবন, সুশাসন, সামাজিক অন্তর্ভুক্তি এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উৎকর্ষ এবং সমাজকল্যাণে অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ