ঢাকা স্কুল অব ইকোনমিকসে উদ্যোক্তা অর্থনীতি বিভাগের যাত্রা শুরু
ঢাকা স্কুল অব ইকোনমিকসে উদ্যোক্তা অর্থনীতি বিভাগের যাত্রা

বর্তমান বিশ্বের অর্থনৈতিক বাস্তবতায় শুধু চাকরির পেছনে ছুটলেই সফলতা নিশ্চিত হয় না। বরং নতুন কর্মসংস্থান সৃষ্টি, উদ্ভাবনী চিন্তা এবং ব্যবসায়িক নেতৃত্বই একটি দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যায়। বাংলাদেশের মতো সম্ভাবনাময় দেশে উদ্যোক্তাদের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে দেশের উচ্চশিক্ষার অঙ্গনে একটি ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করেছে ঢাকা স্কুল অব ইকোনমিকসের (DScE) উদ্যোক্তা অর্থনীতি বিভাগ।

উদ্যোক্তা অর্থনীতি বিভাগের লক্ষ্য

এই বিভাগের মূল লক্ষ্য হলো এমন এক প্রজন্ম গড়ে তোলা, যারা কেবল চাকরি খুঁজবে না; বরং নিজেরাই নতুন ব্যবসা প্রতিষ্ঠা করে অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এই লক্ষ্য বাস্তবায়নে এই বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাদান করা হয়।

কেন উদ্যোক্তা অর্থনীতি?

অনেক শিক্ষার্থী ও অভিভাবকের মনে প্রশ্ন জাগে—উদ্যোক্তা অর্থনীতি বিষয়টি আসলে কী? উদ্যোক্তা অর্থনীতি (Entrepreneurship Economics) হলো অর্থনীতি, ব্যবসা ব্যবস্থাপনা, উদ্ভাবন, নেতৃত্ব এবং উদ্যোগ উন্নয়নের সমন্বিত একটি আধুনিক শিক্ষা শাখা। এখানে শিক্ষার্থীরা শুধু তাত্ত্বিক জ্ঞান অর্জন করে না; বরং বাস্তব ব্যবসা পরিকল্পনা, স্টার্টআপ পরিচালনা, বিনিয়োগ সংগ্রহ, বাজার বিশ্লেষণ, ডিজিটাল ব্যবসা, সামাজিক উদ্যোগ এবং নেতৃত্বের দক্ষতাও অর্জন করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বর্তমান সময়ে বিশ্বজুড়ে স্টার্টআপ ইকোসিস্টেমের দ্রুত বিকাশের কারণে উদ্যোক্তা শিক্ষার গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ঢাকা স্কুল অব ইকোনমিকসের উদ্যোক্তা অর্থনীতি বিভাগ সেই বৈশ্বিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের প্রস্তুত করছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্যতিক্রমধর্মী পাঠক্রম

উদ্যোক্তা অর্থনীতি বিভাগের পাঠক্রম এমনভাবে সাজানো হয়েছে, যাতে একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় জীবনেই ব্যবসায়িক চিন্তা ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে। এই প্রোগ্রামের প্রায়:

  • ৪০% ব্যবসা ও উদ্যোক্তা কোর্স
  • ৩৫% অর্থনীতি কোর্স
  • ১৫% প্রযুক্তি, ডেটা ও বিশ্লেষণ কোর্স
  • ১০% ভাষা, নেতৃত্ব ও ব্যক্তিগত উন্নয়ন কোর্স

ফলে এটি শুধুমাত্র অর্থনীতির ডিগ্রি নয়; বরং অর্থনীতি, ব্যবসা, উদ্যোক্তা ও প্রযুক্তি সমন্বিত একটি আধুনিক ও কর্মমুখী শিক্ষা প্রোগ্রাম। এসব বিষয়ে শিক্ষালাভের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু ব্যবসা শুরু করার জ্ঞানই অর্জন করে না; বরং একজন দক্ষ নীতিনির্ধারক, গবেষক এবং করপোরেট নেতা হিসেবেও নিজেদের গড়ে তুলতে পারে।

বাস্তবমুখী শিক্ষা ও শিল্পখাতের সংযোগ

ঢাকা স্কুল অব ইকোনমিকসের অন্যতম শক্তি হলো এর বাস্তবভিত্তিক শিক্ষাদান পদ্ধতি। শিক্ষার্থীরা ব্যবসা পরিকল্পনা প্রতিযোগিতায়, স্টার্টআপ পিচিং সেশনে, উদ্যোক্তা উন্নয়ন কর্মশালায়, করপোরেট ও শিল্প প্রতিষ্ঠান ভিজিটে, সফল উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায়, গবেষণা ও উদ্ভাবনী প্রকল্পে নিয়মিত অংশগ্রহণের সুযোগ পায়। ফলে তারা বাস্তব ব্যবসায়িক জগতের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায় এবং আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত হয়। এখানকার শিক্ষার্থীরা শিক্ষার্থী থাকা অবস্থায়ই নিজেদের ভেঞ্চার শুরু করে থাকে। এক্ষেত্রে ডিপার্টমেন্টের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে সব ধরণের সহায়তা করা হয়।

দক্ষ শিক্ষক ও গবেষণার পরিবেশ

বিভাগটিতে দেশের স্বনামধন্য অর্থনীতিবিদ, গবেষক এবং উদ্যোক্তা উন্নয়ন বিশেষজ্ঞরা শিক্ষাদান ও গবেষণায় যুক্ত রয়েছেন। তাদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা সমসাময়িক অর্থনীতি, উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যবসায়িক উদ্ভাবন নিয়ে গবেষণার সুযোগ পায়। গবেষণাভিত্তিক শিক্ষা শিক্ষার্থীদের বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধি করে এবং আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণার পথ সুগম করে।

ভবিষ্যৎ ক্যারিয়ারের বিস্তৃত সম্ভাবনা

উদ্যোক্তা অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে বহুমাত্রিক ক্যারিয়ার সুযোগ। এখান থেকে পাস করে গ্রাজুয়েটরা নিম্নোক্ত ক্ষেত্রগুলোতে কাজ করতে পারে:

  • নিজস্ব ব্যবসা ও স্টার্টআপ প্রতিষ্ঠানে
  • ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে
  • উন্নয়ন সংস্থা (এনজিও ও আইএনজিও)-তে
  • গবেষণা প্রতিষ্ঠানে
  • সরকারি ও বেসরকারি উন্নয়ন প্রকল্পে
  • করপোরেট সেক্টরে
  • ব্যবসা পরামর্শক (বিজনেস কনসালট্যান্ট) হিসেবে
  • উদ্যোক্তা উন্নয়ন ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে

এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি, উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসা প্রশাসন, উন্নয়ন অধ্যয়ন এবং পাবলিক পলিসি বিষয়ে উচ্চশিক্ষার সুযোগও রয়েছে।

টেকসই বাংলাদেশের জন্য উদ্যোক্তা তৈরির কারখানা

বাংলাদেশ আজ টেকসই অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। এই যাত্রায় প্রয়োজন দক্ষ, সৃজনশীল ও উদ্ভাবনী উদ্যোক্তা। ঢাকা স্কুল অব ইকোনমিকসের উদ্যোক্তা অর্থনীতি বিভাগ সেই প্রয়োজন পূরণে কাজ করছে নিষ্ঠার সঙ্গে। এই বিভাগ থেকে পাস করে অসংখ্য গ্রাজুয়েট আজ উদ্যোক্তা, ব্যাংকার, সাংবাদিক, কর্পোরেট উদ্যোক্তা, সরকারি নীতিনির্ধারক, শিক্ষক, গবেষক, উন্নয়ন কর্মী, কনসালটেন্ট সহ বিভিন্ন পেশায় সফলভাবে দেশে-বিদেশে কাজ করছে এবং বাংলাদেশের অর্থনীতিতে অবদান রেখে চলছে।

যেসব শিক্ষার্থী নতুন কিছু করতে চায়, সমাজে পরিবর্তন আনতে চায়, নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চায় এবং ভবিষ্যতে সফল উদ্যোক্তা বা ব্যবসায়িক নেতা হিসেবে প্রতিষ্ঠিত হতে চায় তাদের জন্য এই বিভাগ হতে পারে একটি আদর্শ গন্তব্য। একবিংশ শতাব্দীর অর্থনীতি জ্ঞান, উদ্ভাবন এবং উদ্যোগের ওপর ভিত্তি করে গড়ে উঠছে। তাই উচ্চশিক্ষা নির্বাচনের ক্ষেত্রে শুধু প্রচলিত ধ্যানধারণার মধ্যে সীমাবদ্ধ না থেকে ভবিষ্যতের সম্ভাবনাময় বিষয়গুলোর দিকে নজর দেওয়া জরুরি। ঢাকা স্কুল অব ইকোনমিকসের উদ্যোক্তা অর্থনীতি বিভাগ এমনই একটি আধুনিক, বাস্তবমুখী এবং ভবিষ্যৎমুখী শিক্ষা প্ল্যাটফর্ম, যেখানে একজন শিক্ষার্থী কেবল একটি ডিগ্রি অর্জন করে না; বরং একজন স্বপ্নদ্রষ্টা, উদ্ভাবক এবং সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলার সুযোগ পায়। আজকের শিক্ষার্থী, আগামীর উদ্যোক্তা—এই প্রত্যয় নিয়েই এগিয়ে চলছে ঢাকা স্কুল অব ইকোনমিকসের উদ্যোক্তা অর্থনীতি বিভাগ।