ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ‘ড্যাফোডিল স্মার্ট সিটি’ ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজিত হলো ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম সামার-২৬’। সোমবার (১১ মে) রাজধানীর সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে এই বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাদের শিক্ষাজীবনের আনুষ্ঠানিক সূচনা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় বাংলাদেশি চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেতা জাহিদ হাসান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. আর. কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তারা। ভিডিওবার্তার মাধ্যমে নবীনদের স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান।
ক্লাব রিক্রুটমেন্ট ও অ্যালামনাই সেশন
অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর তত্ত্বাবধানে আয়োজন করা হয় ‘ক্লাব রিক্রুটমেন্ট প্রোগ্রাম’, যেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব অংশ নেয়। স্থাপিত বুথগুলো থেকে শিক্ষার্থীরা তাদের পছন্দের ক্লাবে যুক্ত হওয়ার সুযোগ পান। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের সফল অ্যালামনাইদের অংশগ্রহণে অভিজ্ঞতা বিনিময় সেশন। এতে বক্তব্য রাখেন র্যানকন অটো ডিভিশন-২-এর ক্রিয়েটিভ লিড এএসএম আরিফ, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) -এর ইউথ অ্যান্ড অ্যাডোলেসেন্ট প্রোগ্রামের প্রজেক্ট কো-অর্ডিনেটর এবং অ্যাস্ট্রাজেনেকা’র ইউথ হেলথ প্রোগ্রামের অ্যাডভাইজরি বোর্ড সদস্য মেহেদী হাসান বাপ্পি, জনতা ব্যাংক পিএলসি’র প্রিন্সিপাল অফিসার নুসরাত জাহান এবং আকন্দ ইঞ্জিনিয়ারিং-এর সিইও এ.এম. তাজউদ্দিন আহমেদ। তারা শিক্ষার্থীদের বাস্তব কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
বক্তারা নবীন শিক্ষার্থীদের ড্যাফোডিল স্মার্ট সিটির আধুনিক প্রযুক্তি ও অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার করে দক্ষ ও আত্মবিশ্বাসী পেশাজীবী হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
ফুলেল বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
অনুষ্ঠানের শুরুতে নবীনদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পাশাপাশি গত সেমিস্টারের কৃতী শিক্ষার্থীদের মেধার স্বীকৃতিস্বরূপ সম্মাননাও প্রদান করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে এবং ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুরো আয়োজনটি সমন্বয় করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্স।



