সরকারি স্কুলের শিক্ষকদের কোয়ালিটি বাড়ানোর দিকে সরকার নজর দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন। মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ইউজিসি আয়োজিত ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক কর্মশালায় তিনি এ তথ্য জানান।
মাহদী আমিন বলেন, “পাবলিক স্কুলের বিশেষ করে প্রাথমিকের শিক্ষকদের কোয়ালিটি বাড়ানোর নজর দিচ্ছে সরকার। ওয়ান টিচার ওয়ান ট্যাপ স্কিল রয়েছে, যেখানে একটি ট্যাবলেট কম্পিউটারের মাধ্যমে শিক্ষকদের ট্রেনিং আরও বাড়বে। এতে করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানের ট্রেনিং দিতে পারবেন শিক্ষকরা। কারিকুলাম হয়ে যাবে ডিজিটাল। তার মাধ্যমে শুধুমাত্র শিক্ষকদের মর্যাদা বাড়বে না, অর্থনৈতিকভাবে তারা আরও সমৃদ্ধ হবেন।”
তিনি বলেন, “বিএনপির নির্বাচনি ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলো রয়েছে, তা বাস্তবায়নের জন্য সরকার নিরলসভাবে কাজ হচ্ছে। শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে, একটি বিপুল পরিমাণ জনগোষ্ঠী রয়েছে যারা বয়সের তরুণ-তরুণী।”
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, “জনপ্রত্যাশার প্রতিফলনে যদি আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই, তাহলে আমাদের তরুণ-তরুণী ও যুবক-যুবতীদেরকে অবশ্যই আরও কর্মক্ষম এবং দক্ষ করে তুলতে হবে।”



