চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র উইং জাতীয় ছাত্রশক্তির তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৯ মে) রাত ১১টার দিকে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির গঠন
কমিটিতে আহ্বায়ক হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহাথির ও সদস্য সচিব একই শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. ইসমাইল। এছাড়া মুখ্য সংগঠক করা হয়েছে মো. উলফাতুর রহমান রাকিবকে। এক বছরের জন্য অনুমোদিত এ আংশিক কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সংসদ।
উদ্দেশ্য ও পরিকল্পনা
জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কমিটির সদস্য সচিব মো. ইসমাইল বলেন, ৫ আগস্টের পর ক্যাম্পাসে কাঠামোগত পরিবর্তনের প্রত্যয়ে জুলাই আন্দোলনের চেতনাকে ধারণকারী শিক্ষার্থীদের নিয়ে আমরা কাজ শুরু করি। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাগছাস গঠিত হলেও বিভিন্ন কারণে তা দীর্ঘস্থায়ী হয়নি। সেই ধারাবাহিকতায় নতুনভাবে জাতীয় ছাত্রশক্তির কার্যক্রম শুরু হয়েছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করবে জাতীয় ছাত্রশক্তি।



