জাবিতে ১৭ জুন ক্লাস শুরু, পঞ্চম ধাপে ভর্তি ১ মে
জাবিতে ১৭ জুন ক্লাস শুরু, পঞ্চম ধাপে ভর্তি ১ মে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ১৭ জুন শুরু হবে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পঞ্চম ধাপের ভর্তি ও মাইগ্রেশন

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৩০ মার্চ সশরীর উপস্থিত ও নতুন করে পছন্দক্রমের ফরম পূরণকারীদের মধ্য থেকে নির্বাচিতদের বিভিন্ন ইউনিটের শূন্য আসনে (পঞ্চম ধাপ) ভর্তি ও পছন্দক্রমের ফরম পূরণ কার্যক্রম ১ মে শুরু হবে। চলবে ২ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। একই সময়ে মাইগ্রেশনে অনিচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনে মাইগ্রেশন বন্ধ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নির্বাচিত তালিকা প্রকাশ

৪ মে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (academic.juniv.edu) মাইগ্রেশন তালিকা ও পঞ্চম ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইন ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে ৫ মে থেকে ৭ মে রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে। এরপর ১০ মে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত সশরীর উপস্থিত হয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভর্তি নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভর্তি নিশ্চিতকরণের সময় শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদ, নম্বরপত্র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার থেকে সংগৃহীত মেডিক্যাল রিপোর্ট, অনলাইনে পূরণ করা বিষয়ভিত্তিক পছন্দক্রমের ফরম এবং প্রবেশপত্রের ফটোকপি সংযুক্ত করে সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতি ও ডিনের মাধ্যমে রেজিস্ট্রার কার্যালয়ে শিক্ষা শাখায় সশরীর উপস্থিত থেকে জমা দিতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ