বুটেক্সে ক্যারিয়ার ফেয়ার ২০২৬: চাকরির পথ দেখাল ২৭ প্রতিষ্ঠান
বুটেক্সে ক্যারিয়ার ফেয়ার ২০২৬: চাকরির পথ দেখাল ২৭ প্রতিষ্ঠান

সদ্য পাস করা বস্ত্র প্রকৌশলীদের চাকরির ব্যবস্থা করতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) প্রাঙ্গনে আয়োজিত হয়েছে ‘ক্যারিয়ার ফেয়ার-২০২৬’। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে আয়োজনটি অনুষ্ঠিত হয়। এ আয়োজন বুটেক্স ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এবং ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টসের (আইটিইটি) সহযোগিতায় অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী ও শিল্প খাতের প্রতিনিধিদের মধ্যে সরাসরি যোগাযোগের ব্যবস্থা করা ছিল এ আয়োজনের প্রধান উদ্দেশ্য। এতে দেশের শীর্ষস্থানীয় ২৭টি বস্ত্রশিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

উদ্বোধন ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠান

সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জুলহাস উদ্দিন আনুষ্ঠানিকভাবে জব ফেয়ারের উদ্বোধন করেন। এরপরই চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের পদচারণে ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে। তাঁরা হাতে নিজেদের জীবনবৃত্তান্ত নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে ঘুরে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং চাকরি ও ইন্টার্নশিপের নানা সুযোগ সম্পর্কে অবহিত হন।

আয়োজনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সেন্ট্রো টেক্স, সুইস ক্রোমা, ব্যাবিলন গ্রুপ, হা-মিম গ্রুপ, অকো-টেক্স গ্রুপ, ঊর্মি গ্রুপ, পূর্বানী গ্রুপ, এপিলিয়ন, একেএইচ গ্রুপ, প্যাসিফিক জিন্স, চরকা টেক্সটাইলস লিমিটেড, বিটপী গ্রুপ, সামিট ডাই কেমিক্যালস লিমিটেড, ফ্লোরেন্স গ্রুপ, ইউনিক কালার কেমিক্যালস, বেন-টেক কেমিক্যালস ইত্যাদি। তাদের মধ্যে কিছু প্রতিষ্ঠান অন-স্পট সাক্ষাৎকার নেয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্যানেল আলোচনা ও কর্মশালা

বেলা ১১টায় ‘ভূরাজনীতি কীভাবে বস্ত্রশিল্পকে বদলে দিচ্ছে এবং নতুন স্নাতকদের জন্য নতুন পদক্ষেপ’ শীর্ষক প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় টেক্সটাইল টুডের প্রতিষ্ঠাতা এবং সিইও তারেক আমিন, সুইস ক্রোমা বাংলাদেশ লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহেদ সিকদার, ফ্যাশন পাওয়ার গ্রুপের মার্চেন্ডাইজিং বিভাগের এজিএম মো. নূর হোসাইন, ব্যাবিলন গ্রুপের অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান মাহমুদুল হাসান ভূঁইয়া এবং সেন্ট্রোর মার্চেন্ডাইজিং বিভাগের জেনারেল ম্যানেজার মো. জাফর ইকবাল।

দুপুরে হয় ওয়ার্কশপ সেশন। সেখানে বক্তব্য দেন সেন্ট্রোর এজিএম জাইদুর রহমান। তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার–বিষয়ক দিকনির্দেশনা দেন। দিনব্যাপী কর্মশালা ও আলোচনা শেষে বিকেলে অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান।

সমাপনী বক্তব্য

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আইটিইটির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক প্রকৌশলী এহসানুল করিম কায়সার, সদস্যসচিব প্রকৌশলী মো. এনায়েত হোসেন এবং রেডিক্যাল ডিজাইন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এ কে এম মহসিন আহমেদ।

সমাপনী বক্তব্যে আইটিইটির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক প্রকৌশলী এহসানুল করিম কায়সার বলেন, ‘গত বছরের আয়োজনের থেকে কোনো অংশেই কম হয়েছে বলে মনে করি না। আমরা শুরু থেকেই ক্যারিয়ার ক্লাবের সাথে যুক্ত ছিলাম। এই গরমে এত অল্প সময়ের মাঝে এত বড় আয়োজন সম্পন্ন করায় ক্যারিয়ার ক্লাবের সকলকে ধন্যবাদ জানাই।’

আইটিইটির অন্তর্বর্তীকালীন কমিটির সদস্যসচিব প্রকৌশলী মো. এনায়েত হোসেন বলেন, সব ক্লাবের কিছু না কিছু ইভেন্ট থাকে, কিন্তু ক্যারিয়ার ক্লাবের ক্যারিয়ার ফেয়ার সরাসরি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের উপকারে আসবে। সদ্য পাস করা শিক্ষার্থীরা এই আয়োজনের মাধ্যমে প্রায় ২৭টি প্রতিষ্ঠান এক দিনে যোগাযোগ করতে পেরেছে, যা একটি বিশাল সাফল্য।

উপাচার্য ড. মো. জুলহাস উদ্দিন বলেন, ক্যারিয়ার ফেয়ার প্রতিবছর যেন অনুষ্ঠিত হয় এবং পরের বছর আরও বড় পরিসরে যাতে আয়োজন করা হয়, তার ব্যবস্থা করা হবে।

বুটেক্স ক্যারিয়ার ক্লাবের সভাপতি মো. তানবীরুল ইসলাম জীয়ান বলেন, ‘প্রতিবছর যেন এমন বড় ইভেন্ট আয়োজন করা হয়, এটাই আমার লক্ষ্য।’ সাধারণ সম্পাদক মো. সাহরিয়ার আলম পাবেল বলেন, এবার আয়োজনের পাশাপাশি সিভি রাইটিং, এইচআর পার্সপেক্টিভ এবং ক্যারিয়ার গাইডলাইনের ওপর সেশন রাখা হয়।

পৃষ্ঠপোষকতা

এ আয়োজনে পৃষ্ঠপোষকতায় ছিল সেন্ট্রো টেক্স লিমিটেড, সুইস ক্রোমা বাংলাদেশ লিমিটেড, ফ্যাশন পাওয়ার গ্রুপ, আমান গ্রুপ, ব্যাবিলন গ্রুপ এবং এমএম নিট ওয়্যার লিমিটেড।