বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, “জুলাই বিপ্লবকে ৭১ মহান মুক্তিযুদ্ধের সঙ্গে কম্পেয়ার করা হয়, তখন এই মহান মুক্তিযুদ্ধ ছোট হয়ে যায়। বাংলাদেশ খাটো হয়ে যায়। আমরা লজ্জিত হই। মুক্তিযুদ্ধ কোনও পলিটিকাল মেটাফর না, এটা আমাদের অস্তিত্ব। আর জুলাই বিপ্লব বাংলাদেশের বিপ্লব। এ বিপ্লবের পটভূমি তৈরি হতে ১৭ বছর লেগেছে, এটি এক মাসের বিপ্লব নয়।”
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিন বুধবার (২৯ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
জুলাই বিপ্লবের পটভূমিতে খালেদা জিয়া ও তারেক রহমান
বিমানমন্ত্রী বলেন, “এ বিপ্লবের পটভূমিতে ছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি কারা বরণ করেছেন, সন্তানহারা হয়েছেন, তার বড় সন্তান তারেক রহমানকে দেশ ও দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন। যার নেতৃত্বে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তারেক রহমানের দুর্দর্শী নেতৃত্ব আমাদের সাহস যোগায়, আমাদের উন্নয়নের পথ দেখায়।”
বিরোধীদের উদ্দেশে মন্ত্রীর বক্তব্য
আফরোজা খানম বলেন, “এক মাসে ফ্যাসিস্ট সরকারের পতন হয় না, হতে পারে না। আমার যারা এখানে বিরোধী ভাইয়েরা আছেন, তাদের বলবো, সত্যের সঙ্গে থাকুন, সত্যকে স্বীকার করুন। কথায় কথায় তাচ্ছিল্যভাবে কথা বলাটা ঠিক নয়, এটা ওভার কনফিডেন্স। আমরা শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের কর্মী, উই আর নট ওভার কনফিডেন্ট, বাট উই আর কনফিডেন্ট। আমরা দেশকে এবং দেশের মানুষকে সেবা দিতে এসেছি।”
তিনি বলেন, “আমরা রাতারাতি এই মহান সংসদে আসি নাই। আমাদের দৃশ্যমান পরিচয় ছিল, আছে এবং থাকবে। আমরা কখনও পরিচয় লুকাই নাই। বীরের পরিচয় থাকে, কাপুরুষের পরিচয় থাকে না, তারা গুপ্ত। আর আজকে এখানে একটা কথা উঠেছে, আমার বিরোধী ভাইরা বলেছেন, বেহেশতের কথা আসলে এটা পরম করুণাময় আল্লাহ জানেন কার আমলনামা কাকে কোথায় নিয়ে যাবে। কিন্তু, আমরা বেচাকেনার মধ্যে ছিলাম না।”
দেশপ্রেম ও সরকারের অঙ্গীকার
মন্ত্রী বলেন, “আমাদের দেশপ্রেম, আমাদের আমাদের ঠিকানা ছিল। দেশপ্রেমটা আমরা মানুষের মাঝে নিয়ে গিয়েছি। জনগণের ভালোবাসাটা সবার কাছে ছড়িয়ে দিয়েছি। যেই জন্য আজকে আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সংসদে বসার সুযোগ পেয়েছি।”
তিনি আরও বলেন, “গণতন্ত্রহীন, ভোটহীন বিপ্লব, বিপন্ন বাংলাদেশের আসার প্রতিফলন আজকের এই সরকার। গণঅভ্যুত্থান স্পষ্ট করেছে এ রাষ্ট্রের প্রকৃত মালিক এদেশের জনগণ। এ কারণে জুলাই সনদের প্রত্যেকটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। এ কথাটা আমার না এ কথাটা তারেক রহমানের। আমরা জনগণ কাছে যে ওয়াদা করেছি সেটা শুধু রাজনৈতিক অঙ্গীকার না। জুলাই সনদ শুধু ১১ দলীয় জোট বা বিরোধী দলের সনদ নয়। এই জুলাই সনদ বাংলাদেশের সনদ। এই সনদ বাস্তবায়ন হবে।”



