সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক বছরেরও বেশি সময় ধরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদটি শূন্য রয়েছে। ফলে এই দায়িত্ব পালন করতে হচ্ছে কাজীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৯ মার্চ থেকে এই পদটি শূন্য রয়েছে।
অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা
একই বছরের ১০ মার্চ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব পালন করেন শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম শাহাদত হোসেন। তিনি অবসরে গেলে ২৯ ডিসেম্বর থেকে অতিরিক্ত দায়িত্ব পান কাজীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী।
শিক্ষা কার্যক্রমে সমস্যা
উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাসিবুল আলম মির্জা জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ এক বছরের বেশি সময় ধরে ফাকা থাকায় নানা সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে বিদ্যালয় পরিদর্শন কমে গেছে, যা শিক্ষার মানের ওপর প্রভাব ফেলছে।
জেলা শিক্ষা কর্মকর্তার বক্তব্য
জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জাব্বার জানান, নতুন করে পদোন্নতি না হওয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ অনেক উপজেলায় ফাকা রয়েছে। সিরাজগঞ্জেও বেশ কয়েকটি উপজেলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নেই। তিনি আরও জানান, উপজেলাগুলোতে কর্মকর্তা না থাকায় আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় তথ্য চাইলে পাওয়া যায় না। কামারখন্দসহ সিরাজগঞ্জের আরও কয়েকটি উপজেলায় খুব অল্প সময়ের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পাওয়া যাবে বলে মনে হচ্ছে না।



