প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াতে সরকার আগ্রহী: প্রতিমন্ত্রী
প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াতে সরকার আগ্রহী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর উদ্ভাবনী শিক্ষা উদ্যোগগুলো জাতীয় পর্যায়ে সম্প্রসারণে সরকার কাজ করতে আগ্রহী। বিশেষ করে জলবায়ু ঝুঁকিপূর্ণ ও দুর্গম এলাকার শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সফল মডেলগুলোকে বৃহত্তর পরিসরে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে, যাতে দেশের প্রতিটি ঘরে শিক্ষা ও দক্ষতার আলো ছড়িয়ে পড়ে।

ইউনেস্কো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

বুধবার (১০ জুন) রাজধানীর তেজগাঁওয়ে হোটেল হলিডে ইনে ইউনেস্কো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, জলবায়ু সহনশীল শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে ভাসমান বা নৌকাভিত্তিক বিদ্যালয় মডেল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নৌকাভিত্তিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের আহ্বান

তিনি বলেন, “আপনারা বহু বছর ধরে নৌকাভিত্তিক শিক্ষা কার্যক্রম সফলভাবে পরিচালনা করছেন। এটি একটি কার্যকর ও পরীক্ষিত মডেল। এখন প্রয়োজন এ অভিজ্ঞতাকে দেশের অন্যান্য অনুরূপ অঞ্চলে কীভাবে সম্প্রসারণ করা যায়, তা নিয়ে একসঙ্গে কাজ করা।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রত্যেকটি উদ্যোগই গুরুত্বপূর্ণ। তবে উদ্যোগ গ্রহণের চেয়ে তা সফলভাবে বাস্তবায়ন এবং বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া আরও বেশি গুরুত্বপূর্ণ। আগামী দিনগুলোতে সরকার এসব সফল উদ্যোগকে জাতীয় পর্যায়ে সম্প্রসারণে সহযোগিতা করতে চায়।

ইউনেস্কো ও সংস্থাগুলোকে ধন্যবাদ

বক্তব্যের শেষে ববি হাজ্জাজ বাংলাদেশের শিক্ষা উন্নয়নে ধারাবাহিক সহযোগিতার জন্য ইউনেস্কোকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। এ ছাড়া ইউনেস্কো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কারপ্রাপ্ত সিধুলাই স্বনির্ভর সংস্থাকে অভিনন্দন জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ সময় গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।