রাজধানী ঢাকার পল্লবীতে অবস্থিত শহীদ জিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাঈদুল হোসেন সাহেদ। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তাকে এ পদে মনোনীত করা হয়।
সাঈদুল হোসেন সাহেদের পরিচিতি
সাঈদুল হোসেন সাহেদ বাংলাদেশ সংবাদপত্র ফাউন্ডেশনের সভাপতি ও আজকাল পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রথম জাতীয় চলচ্চিত্র উৎসব কমিটির আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন।
অন্যান্য কার্যক্রম
তিনি ডাকসু সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক হিসেবে জাতীয় ছাত্র কনভেনশন অনুষ্ঠানে ডাকসুর মুখপত্র ছাত্রবার্তার সহযোগী সম্পাদক হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে ছাত্রবার্তার বিশেষ সাময়িকী প্রদান করেন। এছাড়া দিনকাল পত্রিকার সাব-এডিটর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘দৃষ্টিকোণ’-এর গবেষক হিসেবে কাজ করেছেন।
শিক্ষা ও সমাজসেবা
সাহেদ ২০০৭ সালে মিরপুর বাঙলা স্কুলের শিক্ষানুরাগী সদস্য হিসেবে মনোনয়ন পেয়ে মাত্র দশ মাসে উচ্চ মাধ্যমিক কলেজে উন্নীত করতে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন।



