জবি শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তির টাকা এক বছরেও হাতে আসেনি
জবি শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তির টাকা এক বছরেও হাতে আসেনি

টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, গরম পানি আর রক্তাক্ত সংঘর্ষের মধ্য দিয়ে গত বছরের ১৪ মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনামুখী লংমার্চে নেমেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা। দাবি ছিল, আবাসন সংকট নিরসনে আবাসন বৃত্তি, পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন এবং দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প দ্রুত বাস্তবায়ন। আন্দোলন শুরুর তিন দিন পর দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সেই আশ্বাসের এক বছর পার হলেও এখনও সম্পূরক বৃত্তির টাকা হাতে পাননি শিক্ষার্থীরা।

বরাদ্দের টাকা আটকে থাকায় হতাশা

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউজিসির চতুর্থ কিস্তির বরাদ্দে সম্পূরক বৃত্তি দেওয়া হবে। তবে, এই বরাদ্দের টাকা এখনও বিশ্ববিদ্যালয়ের হাতে এসে পৌঁছায়নি। চতুর্থ কিস্তিতে মোট ৫৬ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা ছিল। এর মধ্যে ৪৩ কোটি টাকা সম্পূরক বৃত্তিতে এবং ১৩ কোটি টাকা দুটি আবাসিক হল ও অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য ব্যয় করার কথা।

দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে ৫৬ কোটি টাকার বরাদ্দের কথা আলোচিত হলেও বর্তমানে ইউজিসি থেকে ৩০ কোটি টাকার মতো বরাদ্দ পাওয়ার সম্ভাবনার কথা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যা মোট বরাদ্দের প্রায় ৫৩ দশমিক ৫৭ শতাংশ। তবে এই অর্থও এখনও ছাড় হয়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাজেট সংকোচনের প্রভাব

বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতি ও আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে সরকার বিভিন্ন খাতে বাজেট সংকোচন করেছে। এরই ধারাবাহিকতায় জবি শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তির বাজেট সংকোচনের সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দফতরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরা যে সম্পূরক বৃত্তির টাকার কথা বলছেন, সেটি মূলত সরকারের চতুর্থ কিস্তির অংশ। কিন্তু সেই কিস্তির টাকা এখনও বিশ্ববিদ্যালয় হাতে পায়নি। ৫৬ কোটি টাকার কথা বলা হলেও বাস্তবে হয়তো এখন ৩০ কোটি টাকার মতো পাওয়া যেতে পারে।”

তিনি আরও বলেন, “এই ৫৬ কোটি টাকা শুধু শিক্ষার্থীদের বৃত্তির জন্য নয়। এর একটি বড় অংশ বানী ভবন ও হাবিবুর রহমান হল নির্মাণ কাজের জন্য বরাদ্দ। বাকি অংশ শিক্ষার্থীদের বৃত্তির জন্য নির্ধারিত। বৈশ্বিক পরিস্থিতি, জ্বালানি সংকট ও যুদ্ধজনিত অর্থনৈতিক চাপে সরকার বিভিন্ন খাতে বাজেট সংকোচন করেছে। সেই কারণে ইউজিসিকে বাজেট পুনঃসংশোধন করতে বলা হয়েছে। সংশোধিত বাজেট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই টাকা ছাড় হবে।”

টাকা পাওয়ার সম্ভাব্য সময়

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, চলতি বছরের মে মাসের শেষ নাগাদ কিংবা জুনের শুরুতে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। টাকা হাতে পেলেই তা শিক্ষার্থীদের অ্যাকাউন্টে এককালীনভাবে বিতরণ করা হবে। ইতোমধ্যে শিক্ষার্থীদের ডাটাবেজ ও ব্যাংক তথ্য প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তবে, শিক্ষার্থীরা প্রশাসনের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। তাদের অভিযোগ, আন্দোলনের সময় যেভাবে দ্রুত দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে তার কোনও কার্যকর অগ্রগতি দেখা যায়নি। বরং এক বছরের বেশি সময় পার হলেও শিক্ষার্থীরা এখনও আশ্বাসের বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন।

শিক্ষার্থীদের প্রতিক্রিয়া

আন্দোলনে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী বলেন, আমরা কোনও বিশেষ সুবিধা চায় না। আন্দোলনের মাধ্যমে আদায় করা অধিকার বাস্তবায়ন চান। শিক্ষার্থীদের ভাষ্য, “আমরা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আন্দোলনে নেমেছিলাম। কিন্তু আগের প্রশাসনের ব্যর্থতা ও দীর্ঘসূত্রতার কারণে এখনও আমরা সম্পূরক বৃত্তির টাকা পায়নি।”

আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা বিভিন্ন ছাত্র সংগঠনও একই ধরনের অভিযোগ তুলেছে। জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, “সম্পূরক বৃত্তি ছিল যমুনা আন্দোলনের অন্যতম বড় অর্জন। কিন্তু এখনও তা বাস্তবায়ন হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। সাবেক ভিসি ও প্রক্টরের কথায় আমরা আন্দোলন থেকে সরে এসেছিলাম। কিন্তু, তারা সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। বর্তমান প্রশাসনও এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি।”

জবি শিবিরের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, “বর্তমান ভিসি ও তৎকালীন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক যমুনা আন্দোলনের সময় তিন দিনের অবস্থানের পর দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। সেই ভরসাতেই আমরা অনশন ভাঙি। কিন্তু এক বছরেও সম্পূরক বৃত্তির টাকা পাওয়া যায়নি। প্রশাসন কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বলেই আমাদের মনে হয়। আন্দোলনের সময় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও পরবর্তীতে যথাযথ ফলোআপ হয়নি।”

জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিবও আগের প্রশাসনের সমালোচনা করেন। তিনি বলেন, “আগের প্রশাসনের ব্যর্থতার কারণেই বৃত্তির টাকা পেতে এত দেরি হচ্ছে। ইউজিসিতে কী সমস্যা হচ্ছে, তারা সেটিও আমাদের স্পষ্টভাবে জানাতেন না। বর্তমান প্রশাসন অন্তত চেষ্টা করছে বলে মনে হচ্ছে। তবে তারা যদি শেষ পর্যন্ত বৃত্তি আনতে ব্যর্থ হয়, তাহলে শিক্ষার্থীদের সেটি পরিষ্কারভাবে জানানো উচিত।”

উপাচার্যের বক্তব্য

এ বিষয়ে জবির বর্তমান উপাচার্য অধ্যাপক রইছ উদ্দীন বলেন, “আমরা বিষয়টি যত দ্রুত সম্ভব অনুমোদনের চেষ্টা করছি। অতীতে এটি আদায় করতে না পারা আমাদের ব্যর্থতা ছিল। তবে এখন আমরা অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি, ইতিবাচক সাড়াও পাচ্ছি। আমাদের সীমাবদ্ধতা ছিল, তবে সেখান থেকে বেরিয়ে সফল হওয়ার চেষ্টা করছি। টাকা হাতে না আসা পর্যন্ত অবশ্যই সফলতা পূর্ণতা পাবে না।”

আন্দোলনের পটভূমি

উল্লেখ্য, শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে মূল কারণ ছিল দীর্ঘদিনের আবাসন সংকট ও বাজেট বৈষম্য। রাজধানীর অন্যতম বড় পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখনও পর্যাপ্ত আবাসিক হল নেই। অধিকাংশ শিক্ষার্থীকে উচ্চ ভাড়ায় মেস বা বাসা নিয়ে থাকতে হয়। ফলে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আবাসন বৃত্তির দাবি জানিয়ে আসছিলেন।

গত বছরের আন্দোলনের সময় শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো ছিল-আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি চালু করা, ২০২৫-২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট ছাড়া অনুমোদন করা এবং দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প দ্রুত একনেকে অনুমোদন দিয়ে অগ্রাধিকার প্রকল্প হিসেবে বাস্তবায়ন করা।

এই দাবিগুলো নিয়ে ২০২৫ সালের ১৩ মে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইউজিসিতে গেলেও শিক্ষার্থীদের দাবি সেভাবে গুরুত্ব পায়নি বলে অভিযোগ ওঠে। পরে একইদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে ‘জবি ঐক্য’ প্ল্যাটফর্ম গঠিত হয়। সেখান থেকেই ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা আসে।

১৪ মে সকাল থেকে শিক্ষক-শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশে যাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও গরম পানি নিক্ষেপ করা হয়। এতে অন্তত শতাধিক শিক্ষক-শিক্ষার্থী আহত হন।

তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচির পর ইউজিসি শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সেগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়। সেই প্রতিশ্রুতির এক বছর পার হলেও এখনও বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে, আন্দোলনের মাধ্যমে আদায় করা দাবি কী কেবল আশ্বাসেই সীমাবদ্ধ থাকবে?