শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার সংসদে বলেছেন, সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বাড়ানো হবে। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষকদের প্রশিক্ষণ ও সম্মানি বৃদ্ধির পরিকল্পনা

প্রধানমন্ত্রী বলেন, 'স্বৈরাচার সরকারের সময় শুধু বিল্ডিং হয়েছে কিন্তু হিউম্যান রিসোর্সের কোন উন্নতি হয়নি। আমরা যদি আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি শিক্ষকদেরকে সঠিকভাবে ট্রেনিং দিতে না পারি, শুধু ট্রেনিং নয়, ট্রেনিংয়ের সাথে তাদের সম্মানি যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে আমরা তাদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করতে পারিনা।' তিনি আরও বলেন, শিক্ষকদের সেকেন্ডারি এবং প্রাইমারি পর্যায়ে প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা সরকারের রয়েছে এবং একই সাথে পর্যায়ক্রমিকভাবে শিক্ষকদের সম্মানি বাড়ানো প্রয়োজন।

শিক্ষকদের অতিরিক্ত কাজের চাপ

কেন শিক্ষকদের সম্মানি বাড়ানো প্রয়োজন তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 'আমরা অনেক সময় দেখেছি প্রাইমারি স্কুলের শিক্ষকরা তাড়াতাড়ি করে ক্লাস করে হয়ত আরেকটি সেকেন্ডারি কোনো জবে অথবা কৃষি কাজে যেটাই হোক একটি সেকেন্ড জবে তাকে যেতে হয়। তা না হলে তার জন্য সংসার চালানো কষ্টকর হয়ে যায়।' তিনি উল্লেখ করেন, মাধ্যমিক স্কুলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। শিক্ষকরা যাতে সঠিকভাবে তাদের সময় ও মেধা শিক্ষার্থীদের পেছনে ব্যয় করতে পারেন, সেজন্য তাদের সম্মানি বাড়ানো প্রয়োজন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিক্ষাখাতে বাজেট বরাদ্দ

চলতি বাজেটে জিডিপির ২ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকাল তিনটায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কর্মসূচিতে প্রথম ত্রিশ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব ছিল, যেখানে তিনি চার জন সংসদ সদস্যের তারকা চিহ্নিত প্রশ্ন এবং ৯ জন সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাব দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও ব্যাগ

প্রধানমন্ত্রী ঘোষণা করেন, সারাদেশে সরকারি প্রাথমিক স্কুলের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে পর্যায়ক্রমে ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়া হবে। সংসদ সদস্য শাম্মী আখতারের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা পর্যায়ক্রমিকভাবে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত প্রাইমারী স্কুলের বাচ্চাদেরকে স্কুল ড্রেস প্রদানের পরিকল্পনা গ্রহন করেছি। একই সাথে তাদেরকে স্কুল ব্যাগও দেবো।' তিনি আরও বলেন, 'আমি সংসদে সকল সংসদকে আশ্বস্ত করে বলতে চাই, আমরা পর্যায়ক্রমিকভাবে সমগ্র বাংলাদেশের সরকারি প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি ২০ লক্ষের মতো ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত বাচ্চাদেরকে স্কুল ড্রেস প্রদানের পরিকল্পনার ভিতর নিয়ে আসবো পর্যায়ক্রমে। সকল সংসদ সদস্যের এলাকাতেই আমরা যাব ইনশাআল্লাহ এবং সকল বাচ্চাদের কাছেই আমরা পৌঁছানোর চেষ্টা করব।'

চীনে কাঁঠাল রপ্তানির সম্ভাবনা

চীনে কাঁঠাল রপ্তানি প্রসঙ্গে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, 'চীন সফরে আমরা তাদের সাথে চুক্তি স্বাক্ষর করেছি। আমাদের দেশে যে কাঁঠাল এটি অত্যন্ত পপুলার। চাইনিজ মানুষরা খুব পছন্দ করে কাঁঠাল। আমরা এই দেশ থেকে তাদের কাছে কাঁঠাল রপ্তানি করব।' তিনি আরও জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে জানিয়েছেন, মালয়েশিয়া প্রতি বছর চায়নাতে ওয়ান বিলিয়ন ডলারের ডুরিয়ান এক্সপোর্ট করে। প্রধানমন্ত্রী বলেন, 'তারা যদি পারে নিশ্চয়ই আমরা পারবো এক্সপোর্ট করতে এবং কাঁঠাল এক্সপোর্টের মাধ্যমে আমরা নিশ্চয়ই ইনশাআল্লাহ বড় একটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব।'