দেশের ১১টি শিক্ষাবোর্ডের অধীনে ১২৮টি মাদ্রাসাসহ মোট ১৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. এ এম এম এহসানুল হক মিলন। রোববার সংসদে ট্রেজারি বেঞ্চের সদস্য আব্দুল কালামের (কুমিল্লা-৯) এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
শতভাগ ফেলের সংখ্যা বেড়েছে
মন্ত্রীর দেওয়া তথ্যমতে, ২০২৪ সালে ৪২টি মাদ্রাসাসহ ৫১টি প্রতিষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ ফেলের হার ছিল। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৮৬টি মাদ্রাসাসহ ১৩৪টি প্রতিষ্ঠানে।
গৃহীত ব্যবস্থা
শিক্ষামন্ত্রী বলেন, সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। তিনি শিক্ষার মান উন্নয়নে নেওয়া বেশ কিছু পদক্ষেপ তুলে ধরেন। প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের বিশেষ মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণ ও একাডেমিক সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে। নিয়মিত পরিদর্শন ও মনিটরিং জোরদার করা হয়েছে। শিক্ষার্থীদের শিখন ঘাটতি চিহ্নিত করে প্রতিকারমূলক ও ক্যাচ-আপ শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষাবোর্ড, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং জেলা ও উপজেলা শিক্ষা অফিসারদের মাধ্যমে একাডেমিক কর্মক্ষমতার ক্রমাগত মূল্যায়ন ও মনিটরিং করা হচ্ছে। শিক্ষামন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই যেন শূন্য পাসের হার না থাকে এবং দেশের সব শিক্ষার্থী যেন মানসম্মত শিক্ষা পায়।



