রাত থেকে চলা বর্ষণের তোড়ে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে পানি জমে যাওয়ায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধবার্ষিকী ও প্রাকনির্বাচনী পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুরে ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা শাহরীন খান রূপা এ তথ্য নিশ্চিত করেছেন।
পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত
আজ দুপুরে শাহরীন খান রূপা বলেন, রাজধানীর বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বৈরি আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিত করেছে। কিছু কিছু প্রতিষ্ঠান আমাদের কাছে জানতে চেয়েছিল পরীক্ষা স্থগিত করবে কি না। তাদের অনেকে পরীক্ষা স্থগিত করেছে। নাবাবগঞ্জ উপজেলার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানই পরীক্ষা স্থগিত করেছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, রাজধানীর কিছু প্রতিষ্ঠান সকালে পরীক্ষা নিতে পারলেও দুপুরের পরীক্ষা স্থগিত করেছে। আবার কিছু প্রতিষ্ঠান দিনের উভয় বেলার পরীক্ষাই স্থগিত করেছে।
বিভিন্ন প্রতিষ্ঠানের অবস্থা
এদিকে এ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা, দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা এবং একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন একজন শিক্ষক। পাশাপাশি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কর্তৃপক্ষ একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত করে নোটিশ জারি করেছে। মগবাজারের বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজও আজকের পরীক্ষা স্থগিত করেছে বলে তাদের ফেসবুক পেজে জানানো হয়েছে।
জলাবদ্ধতার প্রভাব
দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে প্রাথমিক ও মাধ্যমিক উভয় শাখার পরীক্ষা স্থগিত করেছে রাজধানীর মিল্লাত হাই স্কুল। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। পুরান ঢাকার শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শাখার রোববারের সব পরীক্ষা স্থগিত করে নোটিশ জারি করেছে। একইসঙ্গে মিরপুরের সিদ্ধান্ত হাইস্কুল, মতিঝিল কলোনি হাইস্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শাখা এবং গেন্ডারিয়ার ফজলুল হক মহিলা কলেজও রোববারের নির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে। ফজলুল হক মহিলা কলেজে একাদশ শ্রেণির পরীক্ষা এবং অনার্স চতুর্থ বর্ষের ইনকোর্স পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে নোটিশে জানানো হয়।



