রাজশাহীর দুর্গাপুরে এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় গলায় ফাঁস দিয়ে দিশা রানী মহন্ত নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। রোববার (১২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। তিনি পুঠিয়া উপজেলার ধোগড়াকুল ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।
পরিবারের বর্ণনা
নিহত দিশার বাড়ি উপজেলার পানানগর ইউনিয়নের গুনাজিপাড়া গ্রামে। তার পিতার নাম দ্বিজেন্দ্রনাথ মহন্ত। নিহতের আত্মীয় প্রশান্ত কুমার বলেন, 'গত বছর দিশা আইসিটি বিষয়ে ফেল করেন। ফেল করার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এ বছর আবার পরীক্ষা খারাপ হওয়ায় তিনি আত্মহত্যা করেছেন।'
ঘটনার বিবরণ
পরিবারের সদস্যরা জানান, দিশার মা দুপুরে শাড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। এরপর তাকে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্গাপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, 'ঘটনাটি শুনেছি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।'



