মৌলভীবাজার পৌর শহরের ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুল কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষায় গাফিলতি ও দায়িত্বহীনতা প্রমাণিত হওয়ায় কেন্দ্রের সচিব মোহাম্মদ রেজাউল করিমসহ সব সদস্য ও ট্যাগ অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত
‘মৌলভীবাজারে দুই কেন্দ্রে পৃথক সেটে এসএসসি পরীক্ষা’ শিরোনামে যুগান্তরে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। এই ঘটনার পর জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জরুরি অফিস আদেশের মাধ্যমে অব্যাহতির নির্দেশ প্রদান করেন।
নতুন কমিটি গঠন
অব্যাহতির পর সদর উপজেলার হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম সরকারকে সদস্য সচিব করে ৬ সদস্য বিশিষ্ট নতুন পরীক্ষা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন ভুইয়া।
পরীক্ষার নিয়ম লঙ্ঘন
জানা যায়, বৃহস্পতিবার সিলেট শিক্ষা বোর্ডে পৌরনীতি, নাগরিকতা ও ব্যবসায় উদ্যোগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বোর্ডের নিয়ম অনুযায়ী সব কেন্দ্রে একই সেটে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও, পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে সদর উপজেলা নির্বাহী অফিসার ৩নং সেটে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিলেও ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুল কেন্দ্রে ১নং সেটে পরীক্ষা নেওয়া হয়।
আইনানুগ ব্যবস্থার আশ্বাস
জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিক্ষার্থীদের খাতা দেখায় যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়টি নিয়ে বোর্ডের সঙ্গে কথা হয়েছে। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’



