মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, মাদ্রাসাগুলোতে সরকারি স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়। সোমবার (৬ জুলাই) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা হলরুমে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাদ্রাসার শিক্ষার মান ও সরকারি বেতন ব্যবস্থা
আহমেদ আযম খান বলেন, 'আজকে আপনারা শুনে অবাক হবেন অথবা অবাক হবেন না। আপনারা জানেন—এই যে মাদ্রাসাগুলো, আপনারা তো সরকারি স্কুলে যান আর না যান- পড়াশোনা করান আর না করান, মাস গেলে একটা বেতন আছে সরকারের। আপনার অবসরের পেনশন ও গ্র্যাচুইটি আছে। আছে না? কিন্তু বলুন তো মাদ্রাসায় কি কোনো সরকারি বেতন আছে? নাই। কোনো পেনশন ও গ্র্যাচুইটি নাই। আজকে মাদ্রাসাগুলোতে আপনাদের চেয়ে অনেক ভালো লেখাপড়া হয়। আপনি অবাক হয়ে যাবেন, বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী এখন মাদ্রাসার। কই তারা তো সরকারের কোনো অনুদান পায় না।'
মাদ্রাসা শিক্ষকদের আর্থিক অবস্থা ও দায়িত্ববোধ
তিনি আরও বলেন, 'প্রত্যকটা মাদ্রাসার শিক্ষক মনে করে তারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে। তারা মনে করে উচিত শিক্ষা দেওয়া তাদের দায়িত্ব ও কর্তব্য। এটা আমানত মনে করে সরকারের বেতন ছাড়াই নানাভাবে যে সহযোগিতা পায়, সেখান থেকেই তারা সামান্য কিছু বেতন পায়। বিভিন্ন জায়গায় কুরআন শিক্ষা দেয়, ওখান থেকে কিছু পায়। অনেক টেনেটুনে তাদের সংসার চলে।'
মাদ্রাসা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, 'মাদ্রাসায় এত সুন্দর লেখাপড়া হয় যে, এখন পাবলিক বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা থেকে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য। কিন্ডারগার্টেন থেকে পাশ করে যারা ওপরে উঠেছে তাদের সংখ্যাও উল্লেখযোগ্য। আপনাদের সংখ্যা যদি বলতে চাই যে, ফ্রি প্রাইমারিতে শিক্ষার্থীরা কী শিখেছে। তারা ওপরে ওঠে কয়জন বিশ্ববিদ্যালয়ের দরজায় ঢুকতে পেরেছে। সেটা অত্যন্ত লজ্জাজনক।'
মতবিনিময় সভায় উপস্থিত ব্যক্তিরা
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলমের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বেগম নার্গিস সিদ্দিকা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সখীপুর উপজেলা শাখার সভাপতি খুরশিদ জাহান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিটু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি আকবর হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ সবুর রেজা প্রমুখ।



