২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের (পরীক্ষা-২০২৭) আলিম শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনলাইন ভর্তি ও রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। মঙ্গলবার (৭ জুলাই) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশেষ বিবেচনায় মেয়াদ বাড়ানো
বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের আওতাধীন আলিম পর্যায়ের মাদ্রাসাগুলোতে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী অনলাইনে ভর্তি ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি, তাদের জন্য বিশেষ বিবেচনায় এই সুযোগ দেওয়া হয়েছে। তারা বোর্ডের ইএসআইএফ পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে।
নতুন সময়সূচি
নতুন সময়সূচি অনুযায়ী, আজ ৭ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে। ৩০ জুলাই পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য ইএসআইএফে এন্ট্রি করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রক্রিয়া ও ফি
ফি জমা ও তথ্য এন্ট্রির জন্য মাদ্রাসাগুলোকে বোর্ডের www.ebmeb.gov.bd পোর্টালে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর পেমেন্ট অপশনে গিয়ে শিক্ষার্থীর সংখ্যা এন্ট্রি করে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নির্ধারিত বোর্ড ফি জমা দিতে হবে। ফি জমা হওয়ার পরই নতুন শিক্ষার্থীর তথ্য আপলোডের জন্য এন্ট্রির সুযোগ চালু হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে। আগে এন্ট্রি করা কোনো শিক্ষার্থীর তথ্য মুছে ফেলার সুযোগ থাকবে না। তবে আগে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের বিভাগ, বিষয় ও ছবি সংক্রান্ত ভুল সংশোধনের অনলাইন কার্যক্রম চলমান রয়েছে।
ফি নির্ধারণ
আলিম শ্রেণির নিয়মিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনসহ অন্যান্য ফি ৬৮৫ টাকা। অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে ১৫০ টাকা পাঠ বিরতি ফি সহ মোট ৮৩৫ টাকা পরিশোধ করতে হবে বলে জানিয়েছে বোর্ড।
যোগাযোগ
রেজিস্ট্রেশন ফি জমা বা ইএসআইএফে তথ্য এন্ট্রি করতে কোনো সমস্যা হলে অফিস সময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ইআইআইএন ভিত্তিক সিম নম্বর থেকে ০১৭১৩-০৬৮৯০৯ অথবা ০১৭১৫-৬১১৯৩৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে বোর্ড।



