জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম। মঙ্গলবার (৭ জুলাই) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
নিয়োগের বিস্তারিত
অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের বর্তমান ডিনের মেয়াদ চলতি মাসের ১১ তারিখে দুই বছর পূর্ণ হবে। তাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২(৫) ধারা অনুযায়ী সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলামকে পরবর্তী দুই বছরের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হলো।
এই আদেশ আগামী ১২ জুলাই, ২০২৬ তারিখ হতে কার্যকর হবে। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন বলে অফিস আদেশে জানানো হয়।
নবনির্বাচিত ডিনের প্রতিক্রিয়া
নব নির্বাচিত ডিন অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, “সমাজবিজ্ঞানে অনুষদের ডিনের দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এখানে আমার প্রধান লক্ষ্য হবে শিক্ষার মানকে আরও উচ্চতায় নিয়ে যাওয়া। এ লক্ষ্যে যা যা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, আমি আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলদের সঙ্গে তা বাস্তবায়নে কাজ করবো।”
তিনি আরও বলেন, “দক্ষ, যোগ্য ও যুগোপযোগী জ্ঞানভিত্তিক মানবসম্পদ গড়ে তুলতে অনুষদের প্রতিটি বিভাগে শিক্ষা, গবেষণা এবং একাডেমির কার্যক্রমের মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেবো।”



