কানাডায় পড়াশোনার আকর্ষণ কমছে ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে, ভিসা ও ব্যয় সংকট প্রধান কারণ
কানাডায় পড়াশোনায় ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ কমছে

কানাডায় পড়াশোনার আকর্ষণে ভাটা, ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহে ধস

কিছুদিন আগেও বিদেশে উচ্চশিক্ষার জন্য ভারতীয় শিক্ষার্থীদের প্রথম পছন্দ ছিল কানাডা। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে কঠোর ভিসানীতি, জীবনযাত্রার বাড়তি ব্যয়, কর্মসংস্থানের সংকট এবং দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের কারণে সেই আকর্ষণ দ্রুত কমে যাচ্ছে। ভারতের একটি শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠানের পরিচালক শোভিত আনন্দের মতে, ২০২৩ সাল পর্যন্ত তাদের অধিকাংশ আবেদনই ছিল কানাডার জন্য। তবে বর্তমানে আবেদনের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে গেছে, যা একটি উল্লেখযোগ্য পরিবর্তন নির্দেশ করে।

পরিসংখ্যানে চিত্র

কানাডার অডিটর জেনারেলের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে ভারতীয়দের হার ছিল মাত্র ৮ দশমিক ১ শতাংশ। অথচ ২০২৩ সালে এ হার ছিল ৫১ দশমিক ৬ শতাংশ। এই ধারাবাহিক পতন বিশেষজ্ঞদের মতে একাধিক কারণের সম্মিলিত ফলাফল।

আগ্রহ কমার মূল কারণসমূহ

২০২৪ সালের শুরুতে কানাডা সরকার দুই বছরের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির সংখ্যা সীমিত করে দেয়। স্নাতক ও ডিপ্লোমা কোর্সে বছরে প্রায় ৩ লাখ ৫০ হাজার স্টাডি পারমিটের সীমা নির্ধারণ করা হয়, যা ভারতীয় শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

একই সঙ্গে কানাডায় বাড়িভাড়া ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক গ্যারান্টিড ইনভেস্টমেন্ট সার্টিফিকেট (GIC) ১০ হাজার কানাডিয়ান ডলার থেকে বাড়িয়ে ২০ হাজার ডলারের বেশি করা হয়েছে। ফলে মধ্যবিত্ত পরিবারের জন্য সেখানে পড়াশোনা চালিয়ে যাওয়া আরও কঠিন হয়ে পড়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভিসা প্রত্যাখ্যানের হার বৃদ্ধি

আন্তর্জাতিক শিক্ষার্থীবিষয়ক প্রতিষ্ঠান আইসিইএফ মনিটরের তথ্য অনুযায়ী, কানাডায় স্টাডি পারমিট প্রত্যাখ্যানের হার ২০২৩ সালে ছিল ৩৮ শতাংশ। ২০২৪ সালে তা বেড়ে ৫২ শতাংশে দাঁড়িয়েছে। ভারতের মতো মূল্যসংবেদনশীল দেশে বিদেশে পড়াশোনার সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারগুলোকে আর্থিক পরিকল্পনা করতে হয়। ফলে ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকি এখন বড় বাধা হিসেবে দেখা দিয়েছে।

কর্মসংস্থান ও শিক্ষার মান নিয়ে প্রশ্ন

কানাডার অনেক বেসরকারি কলেজ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নির্ভর করে দ্রুত সম্প্রসারিত হলেও, সেসব প্রতিষ্ঠানের অনেকগুলোর শিক্ষার মান নিয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি স্নাতকদের জন্য পর্যাপ্ত চাকরির সুযোগ তৈরি হয়নি। দিল্লির পরামর্শক আনন্দ জানান, তার এক সাবেক শিক্ষার্থী দুই বছর আগে কানাডায় গিয়েছিলেন। কোর্স শেষ করেও স্থায়ী কাজ না পেয়ে খণ্ডকালীন চাকরি করে চলতে হচ্ছিল। পরে তিনি ভারতে ফিরে আসেন।

শিক্ষার্থীদের মনোভাব

অনেক শিক্ষার্থীর কাছে কানাডা এখন আর নিশ্চিত ভবিষ্যতের প্রতীক নয়। ১৭ বছর বয়সী তানিশক খুরানা বলেন, ভিসা প্রত্যাখ্যান ও সীমিত ভর্তিনীতির কথা শুনে তিনি সিদ্ধান্ত বদলানোর কথা ভাবছিলেন। তবে শেষ পর্যন্ত আবারও কানাডায় আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তার পরিবার সেখানে রয়েছে। বিশ্লেষকদের মতে, একসময় কানাডার স্টাডি পারমিট মানেই ছিল চাকরি, স্থায়ী বসবাস এবং উন্নত জীবনের সুযোগ। এখন সেই নিশ্চয়তা আর নেই। ফলে বহু ভারতীয় শিক্ষার্থীর কাছে কানাডা আর পরিকল্পনা নয়; বরং একধরনের ঝুঁকিপূর্ণ বাজি হিসেবে দেখা দিয়েছে।