নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের অসহায় পরিচ্ছন্নতা কর্মী বৃদ্ধা বুবির ওপর নৃশংস নির্যাতন ও লুটপাটের অভিযোগ গণমাধ্যমে প্রকাশের পর তার পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (০৬ জুলাই) দুপুরে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা মেথিকান্দা রেলওয়ে স্টেশনে গিয়ে বৃদ্ধা বুবির খোঁজখবর নেন।
ইউএনওর তৎপরতা ও সহায়তা
ইউএনও মাসুদ রানা এ সময় তার চিকিৎসার সার্বিক দায়িত্ব গ্রহণ করেন। পাশাপাশি চাল, ডাল, তেল, লবণ, মসলাসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং আর্থিক সহায়তা দেন। এ ছাড়া বৃদ্ধার নিরাপদ বসবাস নিশ্চিত করতে একটি কক্ষের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। যেকোনো প্রয়োজনে সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার জন্যও তাকে অনুরোধ করা হয়।
আইনি ব্যবস্থা ও আসামি গ্রেফতারের নির্দেশ
ইউএনও মাসুদ রানা বলেন, ‘বৃদ্ধা বুবির সার্বিক দায়িত্ব উপজেলা প্রশাসন বহন করবে। একই সঙ্গে নির্যাতন ও লুটপাটের ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।’ এদিকে, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
ঘটনার প্রেক্ষাপট
উল্লেখ্য, গত ৫ জুলাই মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতা কর্মী বৃদ্ধা বুবির ওপর নৃশংস নির্যাতন ও লুটপাটের ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন দ্রুত বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ গ্রহণ করে।



